ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

চ্যাটজিপিটিকে বারবার ‘স্যার’ বলে ভাইরাল ৭৭ বছরের ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ২ অক্টোবর ২০২৬

চ্যাটজিপিটিকে বারবার ‘স্যার’ বলে ভাইরাল ৭৭ বছরের ভারতীয়

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছেন ভারতের ৭৭ বছর বয়সী ভিবিআর প্রসাদ। উড়োজাহাজে বসে চ্যাটজিপিটির সহায়তায় ভার্টিক্যাল ফার্মিংয়ের ব্যবসায়িক পরিকল্পনা করছিলেন তিনি। তবে তার ব্যবসায়িক পরিকল্পনার চেয়েও বেশি নজর কেড়েছে চ্যাটজিপিটিকে বারবার ‘স্যার’ বলে সম্বোধন করার বিষয়টি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রসাদ ইন্ডিগোর একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন। এ সময় পাশের আসনে থাকা এক তরুণ যাত্রী তার কর্মকাণ্ড লক্ষ্য করেন। পরে ‘টেকনোসর’ নামে পরিচিত ওই ব্যক্তি প্রসাদের ছবি এবং চ্যাটজিপিটির সঙ্গে তার কথোপকথনের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন।

পোস্টটি প্রকাশের পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। কয়েক মিলিয়নবার দেখা হয় ওই পোস্ট। সেখানে ওই যাত্রী জানান, উড্ডয়নের আগ পর্যন্ত ৭৭ বছর বয়সী ওই ব্যক্তি চ্যাটজিপিটির সহায়তায় ভার্টিক্যাল ফার্মিংয়ের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করছিলেন। একই সঙ্গে তিনি এআইকে বারবার ‘স্যার’ বলে সম্বোধন করছিলেন।

প্রকাশিত কথোপকথনের অংশে দেখা যায়, অল্প কয়েকটি বাক্যের মধ্যেই প্রসাদ তিনবার চ্যাটজিপিটিকে ‘স্যার’ বলে ডাকেন। এক পর্যায়ে তিনি লেখেন, ‘দারুণ পরামর্শ, স্যার। অনেক ধন্যবাদ। আবার আপনার কাছে আসব, স্যার। আমাকে দুটি ফাইল ডাউনলোড করতে দিন, স্যার।’

জানা গেছে, নিজের ভার্টিক্যাল ফার্মিংয়ের ব্যবসায়িক ধারণাকে আরও পরিমার্জন করতেই চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছিলেন প্রসাদ। তার এই আগ্রহ দেখে সহযাত্রী তাকে বয়সের তুলনায় অত্যন্ত সক্রিয় এবং কাজে মনোযোগী হিসেবেও প্রশংসা করেন।

ঘটনাটি ভাইরাল হওয়ার পর প্রসাদ নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান। মানুষের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি আনন্দিত বলে জানান এবং তার ছবি ও কথোপকথন প্রকাশের জন্য ওই সহযাত্রীকে ধন্যবাদ দেন।

এআই ব্যবহারের বিষয়ে প্রসাদের একটি বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তিনি বলেন, মানুষের জীবনকে আরও ভালো করতে এআই ব্যবহার করা উচিত এবং এর ব্যবহার মানুষের হাতেই রয়েছে।

প্রসাদের এই দৃষ্টিভঙ্গি ও চ্যাটজিপিটির প্রতি তার ভদ্রতাপূর্ণ আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তাকে অনুপ্রেরণাদায়ী বলে মন্তব্য করেছেন। আবার কেউ মজা করে বলেছেন, ভবিষ্যতে এআই মানুষের বিরুদ্ধে গেলেও তার এই ভদ্রতার কারণে হয়তো তিনি রেহাই পেয়ে যাবেন।

আরেক ব্যবহারকারী মজা করে মন্তব্য করেন, চ্যাটজিপিটিও যদি প্রসাদকে ‘স্যার’ বলে সম্বোধন করত, তাহলে বিষয়টি আরও মজার হতো—এর মধ্যেই অবশ্য ভার্টিক্যাল ফার্মিংয়ের ব্যবসায়িক পরিকল্পনাও এগিয়ে চলত।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত