ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

গাড়ি চালাচ্ছেন শাবনূর, পাশে রবি চৌধুরীর গান—‘অনেক সাধনার পরে’ শুনে ফিরলেন পুরোনো দিনে!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ৯ অক্টোবর ২০২৬

গাড়ি চালাচ্ছেন শাবনূর, পাশে রবি চৌধুরীর গান—‘অনেক সাধনার পরে’ শুনে ফিরলেন পুরোনো দিনে!

এক হাতে স্টিয়ারিং, চারপাশে সিডনির মনোরম দৃশ্য—আর পাশে বসে প্রিয় গান গেয়ে শোনাচ্ছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। চালকের আসনে ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর, পেছনে তাঁর ছেলে আইজান নেহান। গাড়ি ছুটছে, গান চলছে, সঙ্গে পুরোনো দিনের গল্প আর হাসি-আড্ডা। শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে শাবনূর ও রবি চৌধুরীর এমন মুহূর্ত যেন ফিরিয়ে আনল নব্বইয়ের দশকের সেই সোনালি স্মৃতি। আর শাবনূরের অনুরোধে রবি যখন গেয়ে উঠলেন ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, তখন স্মৃতির পাতায় ফিরে গেলেন নায়িকা নিজেও।

দীর্ঘদিনের বন্ধুত্বে ভাটা পড়েনি এতটুকু। সময় বদলেছে, বদলেছে ঠিকানা, কিন্তু রয়ে গেছে আগের মতোই আন্তরিকতা। সিডনিতে শাবনূর ও রবি চৌধুরীর একসঙ্গে ঘোরাঘুরি, গাড়িতে গান আর খুনসুটির মুহূর্তগুলো এখন আলোচনায়।

শাবনূরের আবদার, রবি গাইলেন জনপ্রিয় গান

সম্প্রতি স্টেজ শোতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন রবি চৌধুরী। তাঁর আসার খবর আগেই পেয়েছিলেন শাবনূর। তাই সময় বের করে বন্ধুকে নিয়ে সিডনির বিভিন্ন মনোরম জায়গা ঘুরে দেখানোর পরিকল্পনা করেন তিনি। শুক্রবার সেই পরিকল্পনাই রূপ নেয় আনন্দঘন এক দিনে।

গাড়ি চালানোর ফাঁকে শাবনূরের পছন্দের গান ‘যেভাবেই তুমি সকাল দেখো’ গেয়ে শোনান রবি চৌধুরী। পরে গাড়ি থেকে নেমে শাবনূরের অনুরোধে গেয়ে ওঠেন ‘ভালোবাসি তোমাকে’ সিনেমার জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’।

একসময় রিয়াজ ও শাবনূরের অভিনয়ে পর্দায় জনপ্রিয়তা পাওয়া গানটি আবারও ফিরে আসে বন্ধুত্বের আড্ডায়। তবে এবার পর্দার দৃশ্য নয়, বাস্তবের এক আনন্দঘন মুহূর্তে গানের সুরে মেতে ওঠেন দুই তারকা।

ঘোরাঘুরির সেই মুহূর্তগুলো নিয়ে শাবনূর বলেন, ‘অসাধারণ সময় কাটছে। অনেক দিন পর দেখা আমাদের। রবি ভাইয়ের সঙ্গে দারুণ মজা হচ্ছে। আমরা ঘুরছি, আমি গাড়ি চালাচ্ছি আর রবি ভাইয়ের কণ্ঠে গান—দারুণ, দারুণ।’

সম্পর্ক নিয়ে ‘কত কী ভাবে মানুষ’, বললেন রবি

শাবনূর ও রবি চৌধুরীর সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল দীর্ঘদিনের। তবে দুজনের ভাষ্য, তাঁদের সম্পর্কের ভিত্তি বহু বছরের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা।

এ প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, ‘মানুষজন তো কত কী ভাবে। অথচ আমরা ক্যারিয়ারের শুরুর সময় থেকেই বন্ধু।’

শাবনূরের অভিনয়প্রতিভার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘শাবনূর একজন অসাধারণ অভিনেত্রী, তাঁর সিনেমা যাঁরা দেখেছেন, তাঁরা জানেন। আর বন্ধুত্বের কারণে আমি দেখেছি, কী অসাধারণ একজন মানুষ শাবনূর।’

বন্ধুর প্রশংসায় সাড়া দিয়ে শাবনূরও জানালেন, এত বছরের সম্পর্ক টিকে থাকার পেছনে রয়েছে রবির ভালো মানুষ হিসেবে পরিচিতি। তাঁর কথায়, ‘রবি ভাই ভালো মানুষ না হলে তো আমাদের এত বছরের বন্ধুত্ব টিকত না। বন্ধুত্বের এই সম্পর্কটা টিকে থাকুক সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসায়।’

একই জন্মদিন, বন্ধুত্বের গল্পও দীর্ঘদিনের

শাবনূর ও রবি চৌধুরীর জন্মদিন একই দিনে—১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছেন তাঁরা। ক্যারিয়ারের শুরুর সময় থেকে গড়ে ওঠা এই বন্ধুত্ব যে এখনো তাঁদের কাছে বিশেষ, সিডনির সময় কাটানোর মধ্য দিয়ে তা আবারও স্পষ্ট হলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করে শাবনূর লিখেছেন, সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ফিরে গেছেন ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের মধুর স্মৃতিতে। রবি চৌধুরীর কণ্ঠে গানটির কয়েকটি লাইন শুনে নস্টালজিয়ায় ডুবে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

‘ভালোবাসি তোমাকে’ ছবিটি পরিচালনা করেছিলেন মহম্মদ হান্নান। ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ গানটির মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা; গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

সিডনির রাস্তায় গাড়ির স্টিয়ারিংয়ে শাবনূর আর পাশে রবি চৌধুরীর গান—এই দৃশ্য তাই নিছক ঘোরাঘুরির গল্প নয়। পুরোনো দিনের জনপ্রিয় গান, চলচ্চিত্রের স্মৃতি আর দীর্ঘদিনের বন্ধুত্ব মিলিয়ে দুই তারকার জন্য দিনটি হয়ে উঠেছে বিশেষ এক স্মৃতিময় অধ্যায়।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত