‘ফাটা বাঁশের চিপায় গোলাম পরওয়ার’, জামায়াতের বিবৃতি নিয়ে রাশেদ খাঁনের কটাক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৩, ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে নিয়ে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে বিতর্কের মধ্যে জামায়াতের বিবৃতি ও গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, ‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন।’
বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন। ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের কথিত বৈঠক নিয়ে তাঁর আগের অভিযোগ এবং এ বিষয়ে জামায়াতের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি দলটির বিবৃতির ভাষা নিয়েও প্রশ্ন তোলেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, “জামায়াতের এই বিবৃতির ভাষা কি প্রমাণ করে না যে, মিয়া গোলাম পরওয়ার গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন? বিবৃতিতে কোথাও বৈঠক না হওয়ার বিষয়ে অস্বীকার করে নাই এবং বিবৃতিতে কোথাও ভারত শব্দটা পর্যন্ত আনে নাই! কেন?”
তিনি আরও মন্তব্য করেন, গোলাম পরওয়ারকে রক্ষা করতে গিয়ে জামায়াতকেও এ ঘটনার দায় নিতে হতে পারে। তাঁর ভাষ্য, “মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছে, জামায়াত তাকে রক্ষা করতে গেলে পুরো দলকে এর দায় নিতে হবে।”
পোস্টে জামায়াতের ‘দিল্লি না ঢাকা’ স্লোগান নিয়েও কটাক্ষ করেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, এ বিতর্কের পর দলটির নেতাকর্মীরা এমন স্লোগান দিলে জনগণ তাঁদের ‘মুনাফেক’ বলে জবাব দেবে।
গোলাম পরওয়ারের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার ধরন নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি বলেন, সাংবাদিক যখন গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করতে চেয়েছিলেন, তখন তাঁকে অন্য প্রশ্ন করতে বলা হয়। পরে গোলাম পরওয়ার বৈঠক-সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে অন্য প্রশ্নের দিকে এগিয়ে যান বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের প্রশ্ন, অন্য প্রশ্ন নেওয়া হবে না বলে জানানো হলে বৈঠক-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন কেন দেখা দিল? তাঁর মতে, ওই প্রশ্নের মুখে গোলাম পরওয়ার অস্বস্তিতে পড়েছিলেন।
পোস্টের শেষাংশে জামায়াতের ধর্মীয় পরিচয় নিয়েও সমালোচনা করেন তিনি। সত্য ও মিথ্যা নিয়ে দলটির অবস্থান প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, ইসলামের কথা বলা একটি দলের বক্তব্য ও আচরণে সত্যের প্রতিফলন থাকা উচিত।
তবে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের কথিত বৈঠকের অভিযোগ এবং তা নিয়ে রাশেদ খাঁনের ব্যাখ্যা তাঁর বক্তব্যের ভিত্তিতেই উঠে এসেছে। এ প্রতিবেদনে বৈঠকের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য নেই।
এফএইচ/বিএ/পিআর