নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ, শাস্তির মুখে দুই ফুটবলার
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২৬, ৪ অক্টোবর ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বড় হারের পর এবার নাইট ক্লাবে যাওয়ার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়র। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্রীড়া ভাতাও বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
রোববার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে এশিয়ান গেমসে পদকজয়ী উশু খেলোয়াড় জিন্নাত আক্তারকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ফুটবলের ফলাফল এমনিতেই হতাশাজনক হয়েছে। এর মধ্যে নাইট ক্লাবে যাওয়ার অভিযোগে তিনি আরও হতাশ। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “যারা নাইট ক্লাবে গিয়েছেন—এমন অভিযোগ প্রমাণিত হলে শৃঙ্খলাভঙ্গের জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি ক্রীড়া ভাতার আওতায় থাকেন, তাহলে তা বাতিল করা হবে।”
তদন্ত কমিটি গঠন
নাইট ক্লাবে যাওয়ার অভিযোগের পাশাপাশি ওই সময় জাতীয় দলের ব্যবস্থাপনায় কারা ছিলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “বাফুফে সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি সম্ভবত দেশের বাইরে আছেন। তিনি ফিরলে বাকি বিষয়গুলো নিয়ে কাজ করব। এ বিষয়ে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
এ ধরনের পারফরম্যান্সের পর খেলোয়াড়দের এমন কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ কীভাবে উঠল, সেটিও তদন্তে দেখা হবে বলে জানান তিনি।
ছবি ঘিরেই বিতর্ক
গত ১ অক্টোবর ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর দুই ফুটবলারের নাইট ক্লাবে যাওয়ার দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় সমালোচনা।
তবে সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের দাবি, ছড়িয়ে পড়া ছবিটি পুরোনো। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পরের ছবি নয় বলেও তারা দাবি করেছেন।
ফলে ছবিটি কখনকার এবং তারা সত্যিই ম্যাচের পর নাইট ক্লাবে গিয়েছিলেন কি না—তদন্তে সেটিই এখন মূল বিষয়। তদন্তের ফলেই অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এফএইচ/বিএ/পিআর