পাকিস্তানের জয়ের স্বপ্ন ভেঙে ফাইনালের পথে টাইগ্রেসরা!
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০১:০৩, ৬ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
মঙ্গলবার (৬ অক্টোবর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ। জবাবে ৭ উইকেটে ১২৬ রানেই থামে পাকিস্তান।
মাত্র ৪ রানেই দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। তবে সাদিয়া আক্তারের অপরাজিত ৩৩ ও ফারজানার অপরাজিত ২৮ রানে লড়াকু সংগ্রহ দাঁড় করায় দলটি। অধিনায়ক সাদিয়া করেন ২৪, নিশি ২০ রান।
১৩৯ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে পাকিস্তান। প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৫০ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। রাভাইল ফারহান ৩২ ও কোমল খান ৩৬ রান করে জয়ের ভিতও গড়ে দেন।
কিন্তু ৬৯ রানে প্রথম উইকেট পড়তেই বদলে যায় ম্যাচ। ৭০ ও ৭১ রানে আরও দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর নিয়মিত উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বল হাতে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ভূমিকা রাখেন ফারজানা ইয়াসমিন। নিশিতা আক্তার নিশি নেন ২ উইকেট।
প্রথম ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচে হারের পর আবারও জয়ে ফিরল লাল-সবুজের দল।
এফএইচ/বিএ/পিআর