ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

সৌদিতে হুতি হামলায় ফের নিন্দা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ২৩ অক্টোবর ২০২৬

সৌদিতে হুতি হামলায় ফের নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ওই হামলায় দুই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দাম্মামের বিমানবন্দরসহ সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। হামলায় হতাহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।

একই সঙ্গে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে হামলায় এক ভারতীয় ও এক সৌদি নাগরিক নিহত হওয়ার খবর প্রকাশিত হয়।

সৌদি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি ও একজন নেপালি নাগরিক রয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

হামলায় আহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়। তাঁরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। তাঁদের একজন শাহেদ আহম্মেদের মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে।

সৌদি আরবে ধারাবাহিক হামলার ঘটনায় বাংলাদেশ বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত