ফ্যাশন-লাইফস্টাইলে নতুন দিগন্ত, এক হলো হাল ফ্যাশন ও এনেক্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৫, ২৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশের ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল যোগাযোগ খাতে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে হাল ফ্যাশন ও এনেক্স কমিউনিকেশনস লিমিটেড। এ অংশীদারত্বের মাধ্যমে আন্তর্জাতিক মানের আয়োজন, ডিজিটাল কনটেন্ট, ফ্যাশন শো ও সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় দেশজুড়ে কার্যক্রম ও কনটেন্টের পরিসর বাড়ানোর পাশাপাশি আরও বৃহত্তর দর্শক-শ্রোতার সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান দুটির। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
সময়ের সঙ্গে পরিবর্তিত মানুষের রুচি, আগ্রহ ও জীবনযাপনের ধরনকে গুরুত্ব দিয়ে ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী, জলবায়ু এবং গাছপালার পরিচর্যার মতো বিষয়েও কনটেন্ট তৈরি করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে সমসাময়িক জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্যবহুল, আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কনটেন্ট উপস্থাপন করতে চায় প্রতিষ্ঠান দুটি।
অংশীদারত্বের আওতায় আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের আয়োজন, রিয়ালিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট এবং ম্যাগাজিন প্রকাশনাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি নতুন প্রতিভা বিকাশ এবং বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে কাজের সুযোগ অনুসন্ধান করা হবে।
এ উদ্যোগে সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, অর্থবহ আলোচনা উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল অংশগ্রহণের সুযোগ তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।
চুক্তিতে এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তাঁরা যৌথ লক্ষ্য, কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ অংশীদারত্ব বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। সৃজনশীল যোগাযোগ, আকর্ষণীয় কনটেন্ট ও বড় পরিসরের আয়োজনের সমন্বয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও দর্শক-শ্রোতার সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
এফএইচ/বিএ/পিআর