শেখ হাসিনার জন্মদিন পালন, রিমান্ড শেষে কারাগারে ১৪ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪, ২ অক্টোবর ২০২৬
রাজধানীর উত্তরা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন, কেক কাটা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ১৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ইকবাল হোসেন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আব্দুল্লাহ আল আমান (১৯), মো. আব্দুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) ও মো. হাসিব মিয়া (২৩)।
এর আগে গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত ১৪ আসামির তিন দিন এবং অপর এক নারী আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
আদালত সূত্রে জানা যায়, রিমান্ড শেষে শুক্রবার ১৪ আসামিকে আদালতে হাজির করা হলে ১১ জনের পক্ষে আইনজীবী মো. কামাল হোসাইন মেহরাব জামিন আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলাটির তদন্ত এখনও চলমান থাকায় তথ্য যাচাই এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।
পুলিশ জানায়, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে সাবেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই ওই ব্যক্তিদের আটক করা হয়।
অভিযানের সময় একটি কক্ষের টেবিলের ড্রয়ার থেকে স্বেচ্ছাসেবক লীগের বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন কমিটির পদপ্রত্যাশী ২০ জনের নাম ও জীবনবৃত্তান্তসংবলিত ২০ পৃষ্ঠা কাগজ উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশের ভাষ্য, উদ্ধার করা কাগজপত্রে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোগো, শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ছিল।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ঘটনার মূলহোতা ও নেতৃত্বদানকারীদের শনাক্ত, অর্থের জোগানদাতাদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।
এফএইচ/বিএ/পিআর