অতিথি পাখির নিরাপত্তায় জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৭, ২৫ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জলাশয়গুলোতে শীতের পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। এসব পাখির নিরাপত্তা ও আবাসস্থল রক্ষায় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত মৌসুম সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে অতিথি পাখির আনাগোনা শুরু হয়েছে। পাখির নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পাখি দেখার আহ্বান জানানো হয়েছে।
পাখির স্বাভাবিক বিচরণ ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং এবং মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া কিংবা অন্য কোনো উপায়ে উচ্চ শব্দ সৃষ্টি করা যাবে না। পাখিদের ভয় দেখানো এবং জলাশয়ে পানির বোতল, পলিথিনসহ যেকোনো ধরনের বর্জ্য ফেলতেও নিষেধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তথ্যমতে, সাধারণত নভেম্বর থেকে ক্যাম্পাসে পরিযায়ী পাখির আগমন শুরু হয়। এসব পাখির মধ্যে রয়েছে সরালি, পচার্ড, গার্গেনি, পাতারি হাঁস, মানিকজোড় ও জলপিপি।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অরিত্র সাত্তার জানান, ক্যাম্পাসে শুধু জলজ পাখিই নয়, ঝোপঝাড় ও বনাঞ্চলেও বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে।
পরিযায়ী পাখিরা প্রতিবছর শীত মৌসুমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয় ও আশপাশের প্রাকৃতিক পরিবেশে আশ্রয় নেয়। তাদের নিরাপদ বিচরণ ও আবাসস্থল সংরক্ষণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সহযোগিতা কামনা করেছে।
পাখি দেখতে আসা দর্শনার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ, শব্দদূষণ এড়িয়ে চলা এবং জলাশয় পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এফএইচ/বিএ/পিআর