ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ আন্তর্জাতিক

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, জব্দ মসজিদের মাইক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৩, ১২ অক্টোবর ২০২৬

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, জব্দ মসজিদের মাইক

ভারতের উত্তর প্রদেশের বিজনর জেলায় নির্ধারিত শব্দসীমার চেয়ে বেশি শব্দে লাউডস্পিকারে আজান দেওয়ার অভিযোগে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয়েছে মসজিদের মাইক। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক বিট কনস্টেবলকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়া-র বরাতে এ তথ্য জানিয়েছে দৈনিক ইত্তেফাক।

গ্রেপ্তার মুয়াজ্জিনের নাম মোহাম্মদ ফাইজান। গত শনিবার জেলার ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই নাজিবাবাদে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে মহল্লা মাকবারা এলাকায় মসজিদ থেকে উচ্চ শব্দে আজান শুনতে পান। এরপর পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালি থানার পুলিশ মসজিদে গিয়ে মাইক জব্দ করে এবং ফাইজানকে আটক করে।

উপপরিদর্শক সৌরভ কুমারের অভিযোগের ভিত্তিতে শব্দদূষণবিধি লঙ্ঘনের অভিযোগে ফাইজানের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়। পাশাপাশি শান্তিভঙ্গের অভিযোগেও তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়। পরে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় শব্দ নিয়ন্ত্রণের বিধিনিষেধ কার্যকর করতে ব্যর্থ হওয়ার অভিযোগে বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ।

বিজনর জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলোর মাইক নির্ধারিত শব্দসীমার মধ্যে চলছে কি না, সে বিষয়ে বিট পুলিশ সদস্যদের মাধ্যমে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে শব্দসীমা লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

এর আগে গত সেপ্টেম্বরে ধর্মীয় উপাসনালয়গুলোর মাইকের ব্যবহার নিয়ন্ত্রণে জেলাজুড়ে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে মোট ২ হাজার ৫০৯টি মাইক সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে মসজিদ থেকে ১ হাজার ৩২৩টি, মন্দির থেকে ১ হাজার ১১৬টি এবং গুরুদুয়ারা থেকে ৭০টি মাইক সরানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ও আদালতের নির্দেশনা কার্যকর করতে জেলাজুড়ে অভিযান চালানো হচ্ছে। ধর্মীয় উপাসনালয়গুলোতে নির্ধারিত শব্দসীমার বেশি মাত্রায় মাইক ব্যবহার করতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে সব ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত