স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭, ২৮ অক্টোবর ২০২৬
স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বহু যাত্রী। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির তোলেদো প্রদেশের উর্দা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটি স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে পরিচালিত এভিই (AVE) এবং বেসরকারি প্রতিষ্ঠান আইরিওর (Iryo) দ্রুতগতির ট্রেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রেন পেছন থেকে অন্য ট্রেনটিকে ধাক্কা দিলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি বগি রেললাইন থেকে ছিটকে ঢাল বেয়ে নিচে পড়ে যায়।
কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারের মুখপাত্র এস্তের পাদিয়ার তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে রেনফের ট্রেনে ৩৯৭ জন এবং আইরিওর ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন। আইরিওর ট্রেনে একটি শিশুও ছিল।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, চিকিৎসাকর্মী ও জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। আহতদের চিকিৎসা এবং উদ্ধারকাজে সহায়তার জন্য স্থানীয় প্রশাসনও কাজ করছে। আহত ব্যক্তিদের চিকিৎসায় রক্তদানের আহ্বান জানিয়েছেন স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া।
এদিকে দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া পর্যন্ত উচ্চগতির রেলপথে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা আদিফ (Adif) সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় জরুরি সেবাকর্মীরা কাজ করছেন বলে জানিয়েছেন।
দুর্ঘটনার সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা অন্তত ৩০-এ পৌঁছেছে। উদ্ধার অভিযান ও হতাহতদের শনাক্তকরণের কাজ চলতে থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এফএইচ/বিএ/পিআর