ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

ব্যাংকে অডিট, ম্যানেজারের মৃত্যু—থানায় নেওয়া হলো ৩ অডিটরকে

সিরাজগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ০৮:৫৮, ৭ অক্টোবর ২০২৬

ব্যাংকে অডিট, ম্যানেজারের মৃত্যু—থানায় নেওয়া হলো ৩ অডিটরকে

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে কীটনাশকযুক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে মো. আব্দুস সালাম (৫০) নামে এক শাখা ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে এক সহকর্মীকে তিনি বলেছিলেন, ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না। আমি মারা যাব।’ এ ঘটনায় অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আব্দুস সালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুস সালামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি নিমগাছীতে ভাড়া বাসায় থাকতেন।

সহকর্মীরা জানান, কয়েক দিন ধরে ওই শাখায় অডিট চলছিল। এর মধ্যে আব্দুস সালামকে হতাশাগ্রস্ত দেখা যায়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গ্যাস ট্যাবলেট সেবন করলে সহকর্মী ও স্বজনরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

শাখার কর্মী শফিকুল ইসলাম বলেন, অডিট চলাকালে আব্দুস সালাম তাঁকে ওই কথা বলেছিলেন। পরে তিনি গ্যাস ট্যাবলেট সেবনের কথা জানান।

ঘটনার পর অডিট কমিটির সদস্যদের ঘিরে উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কমিটির তিন সদস্যকে থানায় নেওয়া হয়।

তবে অডিটের চাপেই আব্দুস সালাম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা এখনো নিশ্চিত নয়।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অডিট কমিটির তিন সদস্যকে থানায় আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত