ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

হামলার আতঙ্কে লোকচক্ষুর আড়ালে সৌদি যুবরাজ, বদলাচ্ছেন একের পর এক প্রাসাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩১, ১৩ অক্টোবর ২০২৬

হামলার আতঙ্কে লোকচক্ষুর আড়ালে সৌদি যুবরাজ, বদলাচ্ছেন একের পর এক প্রাসাদ

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁকে এক রাজপ্রাসাদ থেকে অন্য রাজপ্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে। বাংকার-সুবিধাসম্পন্ন বিভিন্ন প্রাসাদে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে রাখা হচ্ছে ৪১ বছর বয়সী এই যুবরাজকে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। ওই হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হওয়ার দাবি করা হয়েছে। তবে এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জনসমক্ষে দেখা যাচ্ছে না যুবরাজকে

প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার একটি জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকে মোহাম্মদ বিন সালমানকে আর জনসমক্ষে দেখা যায়নি। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথা জানিয়েছেন।

যুবরাজকে লোকচক্ষুর আড়ালে রেখে বিশেষভাবে নির্বাচিত নিরাপত্তা দলের তত্ত্বাবধানে রাখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

হুতি বিদ্রোহীদের এক মুখপাত্র রিয়াদ বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে সৌদি আরবের বিমানবন্দরগুলোয় হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত পাঁচ দিনে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চারবার হামলা চালানোর দাবি করা হয়েছে। সপ্তাহান্তের ক্ষেপণাস্ত্র হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায় বলেও উল্লেখ করা হয়েছে।

উড়োজাহাজ চলাচলবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির কারণে রিয়াদ বিমানবন্দরের নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল করতে হচ্ছে। এতে আঞ্চলিক বিমান চলাচলেও বড় ধরনের প্রভাব পড়েছে।

ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ

হামলার জবাবে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান বলেছেন, হামলার ভয়াবহতা বিবেচনায় নিয়ে দেশটির প্রতিক্রিয়াও কঠোর হবে।

তবে সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিক হামলা প্রতিহত করতে গিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে। এ পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে গত মাসে ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে সামরিক সহায়তা চেয়েছে রিয়াদ।

অন্যদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রেরও ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে চাপ রয়েছে বলে অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভেঙে পড়েছে সৌদি-হুতি যুদ্ধবিরতি

দীর্ঘদিনের ইয়েমেন সংঘাতের মধ্যে ২০২২ সালে সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ইরানকে ঘিরে আঞ্চলিক সংঘাত এবং সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কারণে সেই সমঝোতা কার্যত ভেঙে পড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইয়েমেনের সানা বিমানবন্দর থেকে হুতি প্রতিনিধিদের নিয়ে তেহরানগামী একটি ইরানি উড়োজাহাজ উড্ডয়নের চেষ্টা করলে সৌদি বাহিনী গুলি চালায়—এমন অভিযোগের পর নতুন করে উত্তেজনা বাড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আরব উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, এ সংঘাতের ফলে ইসরায়েল লাভবান হতে পারে।

এদিকে, উত্তেজনা কমাতে গত রোববার রাতে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে কথা বলেছেন বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংলাপ শুরু করতে তেহরানের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।

২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে দেশটির সরকারের পক্ষে সৌদি আরব সামরিক হস্তক্ষেপ করার পর থেকেই সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত দীর্ঘস্থায়ী রূপ নেয়। সাম্প্রতিক হামলা ও পাল্টা পদক্ষেপে সেই সংঘাত নতুন করে আঞ্চলিক নিরাপত্তার বড় উদ্বেগ হয়ে উঠেছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত