ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

ভেনিস থেকে ‘সায়রা’, ভিন্ন রূপে আলোচনায় সুনেরাহ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ১ অক্টোবর ২০২৬

ভেনিস থেকে ‘সায়রা’, ভিন্ন রূপে আলোচনায় সুনেরাহ

ক্যামেরা অন হলেই যেন অন্য এক সুনেরাহ বিনতে কামাল। চরিত্রের প্রয়োজনে কখনো সংসারী নারী, কখনো ভিন্নধর্মী কোনো চরিত্রে নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী। আবার ক্যামেরার বাইরে ফ্যাশন, স্টাইলিং ও নিজের সৃজনশীল জগত নিয়েই ব্যস্ত তিনি। অভিনয় আর ব্যক্তিগত আগ্রহ—দুই ভুবন মিলিয়েই এগিয়ে চলছে সুনেরাহর পথচলা।

চলতি বছরটি তাঁর ক্যারিয়ারে বেশ ঘটনাবহুল। দেশীয় নাটকে দর্শকপ্রিয়তার পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ এবং নতুন কাজ—সব মিলিয়ে আলোচনায় রয়েছেন তিনি।

সুনেরাহর ক্যারিয়ারে চলতি বছরের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবটির প্রতিযোগিতামূলক অরিজোন্তি বিভাগে জায়গা করে নেয়। সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ।

ভেনিসে গিয়ে চলচ্চিত্রের বাইরেও নজর কেড়েছেন তিনি। পোশাক ও সাজসজ্জায় দেশীয় উপাদানকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতির প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছেন এই অভিনেত্রী।

সুনেরাহর ভাষ্য, ভেনিসের অভিজ্ঞতা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনেতা, সমালোচক ও চলচ্চিত্রকর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র নিয়েও অনেকের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনের ব্যস্ততার পাশাপাশি দেশের ছোটপর্দাতেও সুনেরাহর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

নাটকটিতে ইরফান সাজ্জাদের বিপরীতে ফাহাদের স্ত্রীর চরিত্রে দেখা গেছে সুনেরাহকে। নাটকটির বিভিন্ন পর্ব ইউটিউবে ব্যাপক দর্শক সাড়া পেয়েছে। কয়েকটি পর্ব এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। প্রথম পর্বের ভিউ ছাড়িয়েছে তিন কোটি।

দর্শকের এমন সাড়া সুনেরাহর অভিনয় নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

চরিত্র নির্বাচনের ক্ষেত্রে সুনেরাহর ভাবনাও বেশ স্পষ্ট। তাঁর মতে, কোনো চরিত্রের ব্যাপ্তি কতটা—তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটিকে পর্দায় কতটা বিশ্বাসযোগ্য করে তোলা যাচ্ছে।

সীমিত পরিসরের চরিত্র হলেও অভিনয়ের মাধ্যমে সেটিকে দর্শকের মনে জায়গা করে দেওয়াকেই একজন শিল্পীর বড় দায়িত্ব মনে করেন তিনি।

এর আগে ‘ঝরা বকুল’ নাটকে গোলাম ফরিদা ছন্দার মেয়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন সুনেরাহ। নতুন আরও একটি নাটকের শুটিংও শেষ করেছেন তিনি। নাম এখনো চূড়ান্ত না হওয়া ওই নাটকের শুটিং হয়েছে ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে। এবারও গোলাম ফরিদা ছন্দার সঙ্গে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও লাইফস্টাইল নিয়েও কাজ করছেন সুনেরাহ। মডেলিংয়ের মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু হলেও পরে স্টাইলিং ও মার্কেটিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

নিজের পোশাক নির্বাচনে ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেন এই অভিনেত্রী। একই সঙ্গে দেশীয় ডিজাইন ও উপাদানের প্রতিও রয়েছে তাঁর আগ্রহ।

ভেনিসের আন্তর্জাতিক মঞ্চ, দেশীয় নাটকে দর্শকপ্রিয়তা এবং নতুন কাজ—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ। চরিত্রের বৈচিত্র্য আর অভিনয়ের নিজস্ব ধরন দিয়ে পর্দায় বারবার নতুনভাবে হাজির হওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত