ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম ছিল না, স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে না যাওয়ার ব্যাখ্যা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫১, ২০ অক্টোবর ২০২৬

আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম ছিল না, স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে না যাওয়ার ব্যাখ্যা জামায়াতের

রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষোভ প্রকাশের পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম উল্লেখ ছিল না। এমনকি কোন পরিচয়ে তাঁকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে, সেটিও স্পষ্ট করা হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাখ্যা দেন।

গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম ও তাঁর অবস্থান স্পষ্ট না থাকলে তিনি অনুষ্ঠানে কী পরিচয়ে উপস্থিত হতেন? তাঁকে কি দর্শক সারিতে বসতে হতো? আমন্ত্রণের এ অস্পষ্টতার কারণেই অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

এর আগে সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন এবং আধুনিকায়ন করা উদ্যানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যাঁদের আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে তাঁদের থাকা উচিত ছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা করবে, তবে তা হতে হবে গঠনমূলক। পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

জামায়াতের বক্তব্য ও প্রধানমন্ত্রীর মন্তব্যের পর ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের অনুপস্থিতি এবং আমন্ত্রণপত্রের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত