‘জামায়াত মুখে এক কথা বলে, কাজে মুনাফিকি আচরণ’—রাশেদ খাঁন
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশিত: ১০:৪৫, ২ অক্টোবর ২০২৬
জামায়াতে ইসলামী মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও বাস্তবে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বাবুনগর এলাকার আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাশেদ খাঁন বলেন, জামায়াত মুখে এক ধরনের কথা বললেও তাদের কর্মকাণ্ডে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তার ভাষায়, দলটির আচরণে ‘মুনাফিকি’ স্পষ্ট। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের রাজনৈতিক বক্তব্যের ভাষায়ও কোনো পার্থক্য নেই বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে সরকারকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবেন তারা।
হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, শাপলা চত্বরের ঘটনার বিচারের বিষয়ে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাৎকালে হেফাজত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।
একই সঙ্গে রাষ্ট্র পুনর্গঠনে সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির—এমনটিও জানান রাশেদ খাঁন।
সৌজন্য সাক্ষাতে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফএইচ/বিএ/পিআর