ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

বেবিচকে CBTA প্রশিক্ষণ উপকরণ পর্যালোচনা বিষয়ে ICAO-এর তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৯, ২৮ অক্টোবর ২০২৬

বেবিচকে CBTA প্রশিক্ষণ উপকরণ পর্যালোচনা বিষয়ে ICAO-এর তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন একাডেমিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) সহায়তায় গত ২৫ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত এ প্রশিক্ষণের বিষয় ছিল ‘Conducting a Cursory Review of Competency-based Training and Assessment (CBTA) Course Materials’।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ICAO-এর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি। এতে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণ ব্যবস্থাপক, ইনস্ট্রাক্টর, পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, ফ্লাইট সেফটি অফিসারসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা অংশ নেন।

প্রশিক্ষণটির মূল লক্ষ্য ছিল দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন (CBTA) পদ্ধতির আওতায় তৈরি প্রশিক্ষণ কোর্সের উপকরণ পর্যালোচনায় অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানো। পাশাপাশি প্রশিক্ষণ উপকরণের গুণগত মান যাচাই, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক ও ICAO ইনস্ট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে মানসম্মত ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কোর্স তৈরি এবং পর্যালোচনার সক্ষমতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মান উন্নয়ন, প্রশিক্ষণ উপকরণের মান নিশ্চিতকরণ এবং দক্ষ জনবল গড়ে তোলার প্রচেষ্টা আরও জোরদার হবে।

প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বেবিচকের সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম বলেন, বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ ও যোগ্য জনবল গড়ে তুলতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ উপকরণের যথাযথ পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। CBTA পদ্ধতির কার্যকর প্রয়োগ প্রশিক্ষণার্থীদের বাস্তব কর্মদক্ষতা মূল্যায়ন ও প্রশিক্ষণের গুণগত মান উন্নয়নে অবদান রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন ICAO-এর সিনিয়র ইনস্ট্রাক্টর ক্যাপ্টেন মোস্তফা হুম্মাদি।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত