ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

স্বামী-স্ত্রীর বিরোধে উত্তপ্ত বিদ্যালয়, ভাইরাল মারামারির দৃশ্য

ময়মনসিংহ সংবাদদাতা

প্রকাশিত: ০৮:৩৬, ১৪ অক্টোবর ২০২৬

স্বামী-স্ত্রীর বিরোধে উত্তপ্ত বিদ্যালয়, ভাইরাল মারামারির দৃশ্য
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রী, একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তাঁদের ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ঘটনাটি প্রায় ১০ থেকে ১২ দিন আগের। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে বিদ্যালয়ের অফিস কক্ষে দুই শিক্ষককে পরস্পরের সঙ্গে ধস্তাধস্তি ও মারামারিতে জড়াতে দেখা যায়।

ঘটনায় জড়িত দুই শিক্ষক হলেন ফুলবাড়িয়া উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন এবং তাঁর স্ত্রী ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা বেগম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। তবে প্রায় ১৪ বছর ধরে তাঁরা আলাদা বসবাস করছেন। পারিবারিক বিরোধের জেরে তাঁদের মধ্যে আদালতে মামলাও চলমান রয়েছে।

দুজনই ২০১১ সালে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে বিদ্যালয়ে তাঁদের মধ্যে আগেও একাধিকবার বিবাদের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।

ঘটনার বিষয়ে আফজাল হোসেন বলেন, পারিবারিক বিরোধের জেরেই ওই দিন তাঁদের মধ্যে মারামারি হয়। তাঁর সহকর্মী শিক্ষকেরা ঘটনাটি ভিডিও করেন। তবে বিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটানো ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন। এর আগেও বিদ্যালয়ে তাঁদের মধ্যে দুই থেকে তিনবার এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

অন্যদিকে, সহকারী শিক্ষক আসমা বেগমের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ঘটনাটি ১০ থেকে ১২ দিন আগের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাঁদের নজরে এসেছে। ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে বলে তাঁরা জানতে পেরেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। শিক্ষকদের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, দুই শিক্ষকের মারামারির ভিডিও তিনি দেখেছেন। ঘটনাটি অপ্রত্যাশিত। মারামারির সময় শিক্ষার্থীদেরও বিষয়টি দেখতে হয়েছে, যা তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের ব্যক্তিগত বিরোধ এভাবে প্রকাশ্যে সংঘাতে রূপ নেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত