ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

বাবলা হত্যা ও জোড়া খুনের মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশিত: ১১:১১, ২৮ অক্টোবর ২০২৬

বাবলা হত্যা ও জোড়া খুনের মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে পৃথক দুই হত্যা মামলায় মোট সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এর মধ্যে বায়েজিদে সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলায় দুই দিন এবং বাকলিয়ায় প্রাইভেট কারে গুলি চালিয়ে দুই যুবককে হত্যার মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন ও আলাউদ্দিন মাহমুদের আদালতে পৃথকভাবে পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৯ মার্চ গভীর রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেট কার লক্ষ্য করে গুলি চালায় পাঁচটি মোটরসাইকেলে থাকা সশস্ত্র ব্যক্তিরা। প্রায় দুই কিলোমিটার ধরে পাল্টাপাল্টি গুলির পর গাড়িটি থেমে যায়। পরে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া গাড়ি থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

এরপর একই বছরের ৫ নভেম্বর বিকেলে নগরীর বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগে গুলির ঘটনা ঘটে। এতে এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। তাঁর সঙ্গে থাকা সরোয়ার হোসেন বাবলাকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয় বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুই ঘটনায় দায়ের করা মামলাতেই ডেভিড ইমন এজাহারভুক্ত আসামিদের একজন।

গত ২৯ জুলাই ভারতে পালানোর সময় যশোরে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন ডেভিড ইমন। তিনি বিদেশে পলাতক শিবির ক্যাডার সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারী বলে পরিচিত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, দুই মামলায় রিমান্ড শুনানির জন্য বুধবার সকালে ডেভিড ইমনকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত