ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

ব্রাদার্সকে নিয়ে ছেলেখেলা ফর্টিসের, দ্বিতীয়ার্ধেই ৬ গোলের ঝড়!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৩৩, ৯ অক্টোবর ২০২৬

ব্রাদার্সকে নিয়ে ছেলেখেলা ফর্টিসের, দ্বিতীয়ার্ধেই ৬ গোলের ঝড়!

প্রথমার্ধে গোল নেই, কিন্তু দ্বিতীয়ার্ধে যেন গোলের বন্যা! প্রতিপক্ষের জালে একের পর এক বল পাঠিয়ে ব্রাদার্স ইউনিয়নকে রীতিমতো উড়িয়ে দিল ফর্টিস এফসি। শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে গোপালগঞ্জে ব্রাদার্সকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে দলটি। বিরতির পর মাত্র ৩৫ মিনিটে ছয় গোল করে মাঠ ছাড়ে ফর্টিস। আর পুরো ম্যাচে প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি ব্রাদার্স!

একসময় দেশের ফুটবলে আবাহনী-মোহামেডানের সঙ্গে পাল্লা দেওয়া ব্রাদার্স ইউনিয়নের এমন অসহায় আত্মসমর্পণ দলটির বর্তমান অবস্থারই যেন প্রতিচ্ছবি। অন্যদিকে ফর্টিস দেখাচ্ছে গোলের পর গোল করার দুর্দান্ত ক্ষমতা। চলতি লিগে তিন ম্যাচ খেলেই প্রতিপক্ষের জালে ১৫ বার বল পাঠিয়েছে তারা।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও ফর্টিসের আক্রমণ থেমে থাকেনি। সুযোগ কাজে লাগাতে না পারায় বিরতির আগে গোলের দেখা পায়নি দলটি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই যেন অন্য রূপে হাজির হয় ফর্টিস। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ব্রাদার্সের রক্ষণভাগ।

৫৬ মিনিটে ইব্রাহিমের গোলে শুরু হয় গোল উৎসব। ৬৮ মিনিটে ইনসান ব্যবধান দ্বিগুণ করেন। ৭৫ মিনিটে গাম্বিয়ার পা ওমর বাবুর গোলে স্কোরলাইন হয় ৩-০। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান তিনি।

৮৩ মিনিটে নাইজেরিয়ার স্টেফেন চুকুদুর গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় ফর্টিস। যোগ করা সময়ে রাফায়েল টুডু শেষ পেরেকটি ঠুকে দিলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ফর্টিসের একচ্ছত্র আধিপত্যের চিত্র ফুটে উঠেছে ম্যাচের পরিসংখ্যানেও। পুরো ম্যাচে ৯৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছে তারা। বিপরীতে ব্রাদার্সের বল দখলের হার মাত্র ৭ শতাংশ।

ফর্টিস প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে ২২টি শট নেয়, যার ১২টি ছিল লক্ষ্যে। এর মধ্যে ছয়টি থেকেই আসে গোল। অন্যদিকে ৯০ মিনিটের খেলায় ফর্টিসের পোস্ট লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি ব্রাদার্স। আক্রমণে এমন নিষ্প্রভতা আর রক্ষণে এমন ভঙ্গুরতা নিয়েই বড় ব্যবধানে হারতে হয়েছে দলটিকে।

এবারের লিগে ফর্টিসের গোল করার ধার যেন থামছেই না। প্রথম ম্যাচে চট্টগ্রাম সিটি এফসিকে ৬-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সিটি ক্লাবের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে দলটি। এবার ব্রাদার্সের বিপক্ষে আরও ছয় গোল করে নিজেদের আক্রমণাত্মক শক্তির জানান দিল তারা।

তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ফর্টিস এফসি। মৌসুমের শুরুতেই গোলের এমন ঝড় তুলে শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে দলটি। আর ব্রাদার্সের জন্য এই হার শুধু তিন পয়েন্ট হারানোর গল্প নয়, মাঠের লড়াইয়ে কতটা পিছিয়ে পড়েছে, সেটিও সামনে নিয়ে এল।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত