কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয়, পুরুষদের রুপা
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:০৯, ২৮ অক্টোবর ২০২৬
এশিয়া কাপ আর্চারিতে দুর্দান্ত নৈপুণ্যে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের নারী কম্পাউন্ড দল। ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেছেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। একই আসরে পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ।
বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে পরাজিত করে বাংলাদেশের মেয়েরা। শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেন তাঁরা। চারটি এন্ডে বাংলাদেশের স্কোর ছিল যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮। অন্যদিকে কাজাখস্তানের স্কোর ছিল ৫৫, ৫২, ৫৬ ও ৫৭।
নিখুঁত নিশানা আর সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত ১০ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। বন্যা, শ্রীপর্ণা ও কুলসুমের এই সাফল্যে এশিয়া কাপের মঞ্চে দেশের আর্চারিতে যোগ হলো আরেকটি স্বর্ণপদক।
নারীদের স্বর্ণজয়ের দিনে পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টেও পদক পেয়েছে বাংলাদেশ। তবে ফাইনালে কাজাখস্তানের কাছে ২৩০-২২৪ স্কোরে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে হিমু বাছার, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদের দলকে।
এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে স্বাগতিক ইরাক। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ২২৭-২১২ স্কোরে হারায় তারা।
নারী দলের স্বর্ণ ও পুরুষ দলের রুপা—দুই পদকে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সাফল্যের ঝুলিতে যোগ হলো নতুন অর্জন।
এফএইচ/বিএ/পিআর