ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১০ জনের

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশিত: ০৮:২৭, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১০ জনের

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে দগ্ধ পাঁচজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। আগুনে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি তিনতলা স্থাপনাটি সম্পূর্ণ পুড়ে যায়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, রিসোর্টটির তিনটি তলাই কাঠের তৈরি ছিল। আগুনে পুরো স্থাপনাটি ভস্মীভূত হয়েছে।

হাসপাতালে আহতরা

অগ্নিকাণ্ডে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। আবাসিক মেডিকেল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, আহতদের মধ্যে পাঁচজনের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছয়জন নিখোঁজের তথ্য

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিখোঁজ ছয়জনের নাম পাওয়া গেছে। তারা হলেন—ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং ফায়িজান আহম্মেদ (৫)।

জেলা প্রশাসক আ. মান্নান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এরপর পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। রিসোর্টে অবস্থানকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। জেলা প্রশাসক জানান, ফায়ার সার্ভিস এ বিষয়ে তদন্ত করছে। রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিতে পুলিশ, ফায়ার সার্ভিস এবং উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি থাকবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কক্সবাজার শহরের কলাতলী থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত