জ্বালানির দাম প্রত্যাহারসহ ৫ দাবিতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল
ent-desk
প্রকাশিত: ০২:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা মহানগর।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় সংক্ষিপ্ত মশাল মিছিল করেন।
সমাবেশে বক্তারা বলেন, গণশুনানি ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে পরিবহন ব্যয়, গণপরিবহনের ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। তাই অবিলম্বে বর্ধিত জ্বালানি মূল্য প্রত্যাহার এবং ভবিষ্যতে গণশুনানির মাধ্যমে জ্বালানি ও নিত্যপণ্যের মূল্য নির্ধারণের দাবি জানান তারা।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈকত আরিফ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও উদ্বেগজনক। হাসপাতাল ভাঙচুর, দখলবাজি ও বিভিন্ন স্থানে হামলার ঘটনায় প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত ও দলীয় প্রভাবমুক্ত নিয়োগের আহ্বান জানান।
ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমীন রহমান বলেন, জনগণের ওপর কর ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চাপ না দিয়ে জ্বালানি খাতের শুল্ক-ভ্যাট কমানো এবং অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
সংগঠনের মহানগর শাখার সদস্য মাহমুদ হাসান বলেন, গণশুনানি বা জনসম্পৃক্ততা ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের বাজারে পড়ছে। জ্বালানির মূল্য নির্ধারণে গণশুনানির দাবি জানান তিনি।
মোহাম্মদপুর থানার সদস্য সচিব রিয়াজ হোসেন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি চাপ পড়ছে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের ওপর। মূল্যবৃদ্ধির যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরে গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিভিন্ন স্থানে দখল ও অরাজকতা বন্ধে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ থেকে সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দখল-চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ।
পরে নেতাকর্মীরা মশাল হাতে শাহবাগ এলাকায় সংক্ষিপ্ত মিছিল করে কর্মসূচি শেষ করেন।
এফএইচ/বিএ/পিআর