ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

শোভাযাত্রা, চাকরি মেলা, গবেষণা পুরস্কার—২৭ অক্টোবর উৎসবে মাতবে মাভাবিপ্রবি

মাভাবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত: ১০:৪০, ২২ অক্টোবর ২০২৬

শোভাযাত্রা, চাকরি মেলা, গবেষণা পুরস্কার—২৭ অক্টোবর উৎসবে মাতবে মাভাবিপ্রবি
বর্ণাঢ্য শোভাযাত্রা, ক্যারিয়ার ও জব ফেয়ার, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, গবেষণা পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আগামী ২৭ অক্টোবর উদযাপিত হবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আয়োজকদের তথ্যমতে, মঙ্গলবার সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টা ৪৫ মিনিটে উদ্বোধন করা হবে ‘মাভাবিপ্রবি ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার-২০২৬’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

দিবসের দ্বিতীয় পর্বে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রযুক্তি সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষর এবং গবেষণা পুরস্কার প্রদানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের। বিশেষ অতিথি থাকবেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। এ পর্বেও সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময়ের সুযোগ থাকবে। পাশাপাশি আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্মজীবনের প্রস্তুতি, গবেষণার মানোন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগ উৎসাহিত হবে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

দিবসটি সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমানকে আহ্বায়ক এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য-সচিব করে একটি মূল কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব বণ্টনের জন্য গঠন করা হয়েছে ১৫টি উপকমিটি। উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম মূল কমিটি ও উপকমিটিগুলোর সঙ্গে নিয়মিত সভা করে আয়োজনের অগ্রগতি পর্যালোচনা করছেন।

উল্লেখ্য, মাভাবিপ্রবি দিবস ১৬ অক্টোবর। তবে পূজার ছুটির কারণে এবার ২৭ অক্টোবর দিবসটি উদযাপন করা হচ্ছে। এবারের আয়োজনের মূল লক্ষ্য শিক্ষা ও গবেষণার অগ্রগতির পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা জোরদার করা।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত