১০ বিশ্ববিদ্যালয় নিয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু, উদ্বোধনে রফিক-আশরাফুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ২৫ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঠের প্রতিভা বিকাশ এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে শুরু হয়েছে এবিজি ইউনিভার্সিটি কাপ। দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় থাকছে ক্রিকেট ও ফুটবল। রোববার (২৫ অক্টোবর) আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকা এবং মাঠে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
মোহাম্মদ রফিক বলেন, ১০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে এমন আয়োজন আগে দেখা যায়নি। বসুন্ধরার উদ্যোগে শুরু হওয়া এই প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
আনভীর ক্রিকেট স্টেডিয়াম ও ফুটবল মাঠের সুযোগ-সুবিধার প্রশংসা করে সাবেক এই স্পিনার বলেন, শিক্ষার্থীদের জন্য ডে-নাইট ক্রিকেট ও ফুটবল খেলার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান তিনি।
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে রফিক বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মাঠে খেলতে গিয়ে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। আম্পায়ার ও ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়ে খেলাকে সুষ্ঠু রাখার আহ্বানও জানান সাবেক এই ক্রিকেটার।
এমন উদ্যোগকে স্বাগত জানান মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন, এবিজি স্পোর্টস সিটিতে প্রথমবারের মতো ১০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। পরদিন থেকে শুরু হওয়ার কথা ফুটবল প্রতিযোগিতাও।
সম্প্রতি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি উল্লেখ করে আশরাফুল বলেন, বসুন্ধরা সব সময় খেলাধুলার উন্নয়নে কাজ করার চেষ্টা করছে। এবিজি ইউনিভার্সিটি কাপ সফলভাবে আয়োজন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান সাবেক এই অধিনায়ক।
পরে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোহাম্মদ ইমরুল হাসান, উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, লিয়াকত হোসেন, নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমান এবং সোনারগাঁও ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক বুলবুল আহমেদ।
উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও ইউনিভার্সিটির মুখোমুখি হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। একই দিন রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলার সূচি রয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্রিকেট ও ফুটবল—দুই বিভাগেই ১০টি করে বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, পড়াশোনার সঙ্গে খেলাধুলার সমন্বয় এবং সুস্থ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এফএইচ/বিএ/পিআর