আওয়ামী লীগের বিদ্যুৎকেন্দ্র নিয়ে বর্তমান বিরোধী দলের নীরবতা, প্রশ্ন রিজভীর
দোহার (ঢাকা) সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪৩, ১৫ অক্টোবর ২০২৬
দেশের রাজনৈতিক অঙ্গনকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধী দলের লংমার্চের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রিজভী বলেন, ‘বিরোধী দলের লংমার্চের উদ্দেশ্য কী? সরকারি দল তাদের কোনো রকম গ্রেপ্তার-নিপীড়ন করেনি, যা হাসিনার আমলে করা হতো।’
দেশের চলমান জ্বালানিসংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার জনগণের অর্থ লুটপাটের উদ্দেশ্যে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল।
রিজভীর ভাষ্য, এসব বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন না হলেও বসিয়ে বসিয়ে ভাড়া দিতে হতো। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে সমালোচনা ঠেকাতে তৎকালীন সরকার আইনও করেছিল বলে দাবি করেন তিনি। তবে এসব বিষয় নিয়ে বর্তমান বিরোধী দল কোনো কথা বলছে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
জয়পাড়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক সানু মোল্লাসহ অন্যরা।
এফএইচ/বিএ/পিআর