আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়: জাহেদ উর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০০, ৬ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে এ ধরনের উদ্যোগ শুরুর আগে এর মৌলিক ভিত্তি ও শর্তগুলো স্পষ্ট হওয়া জরুরি বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন। তারা বাংলাদেশের নাগরিক। ফলে আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়। বরং উপযুক্ত পরিবেশ তৈরি হলে এমন উদ্যোগ ইতিবাচক হতে পারে।
তিনি বলেন, ‘মাঝখান থেকে কেউ যদি রিকনসিলিয়েশন চান এবং মনে করেন এটি ভালো উদ্যোগ, তাহলে আমারও মনে হয় এটি ভালো। তাদের উচিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা।’
তবে শুধু আলোচনায় বসলেই পুনর্মিলন প্রক্রিয়া শুরু করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, এ ক্ষেত্রে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে পুনর্মিলনের মৌলিক জায়গাটি আগে নিশ্চিত করতে হবে।
জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিক পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত ও উভয় পক্ষের অবস্থান স্পষ্ট হওয়া দরকার। আওয়ামী লীগ সেই জায়গায় এগিয়ে এলে এ বিষয়ে আলোচনা করা সম্ভব।
তিনি আরও বলেন, পুনর্মিলনের উদ্যোগ সফল করতে আওয়ামী লীগকেই প্রথমে এগিয়ে আসতে হবে এবং দলটিকে নিজেদের দায় স্বীকার করতে হবে।
তথ্য উপদেষ্টার মন্তব্যের ফলে আওয়ামী লীগের সঙ্গে ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্ক ও পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এমন কোনো প্রক্রিয়া শুরু করার আগে দলটির অবস্থান ও দায় স্বীকারের বিষয়টিকেই গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।
এফএইচ/বিএ/পিআর