ইসরায়েলি হামলার ক্ষত: ধ্বংসস্তূপ থেকে ৭৫ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০২, ১৮ অক্টোবর ২০২৬
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৭৫ জনের মরদেহ। দীর্ঘদিন ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা এসব মরদেহের জানাজা ও দাফনের আয়োজন করা হয়েছে। একসঙ্গে এতগুলো মরদেহ উদ্ধার ও জানাজার ঘটনায় গাজায় চলমান যুদ্ধের ভয়াবহতা আবারও সামনে এসেছে।
রোববার (১৮ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা সিটির দারাজ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের একসঙ্গে জানাজা পড়ানো ও দাফনের ব্যবস্থা করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, উপত্যকাটিতে এখনো ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ পড়ে রয়েছে। উদ্ধারকাজের সীমাবদ্ধতা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে এসব মরদেহ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৪ হাজার ৪৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন। তবে প্রকৃত হতাহত মানুষের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলি হামলায় গাজার বিপুলসংখ্যক ভবন ধ্বংস হয়ে গেছে। ফলে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। উপত্যকার সীমান্তবর্তী বেশির ভাগ এলাকা দখলে নেওয়ায় অনেক ফিলিস্তিনি সমুদ্র উপকূলবর্তী এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, গত বছর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে উপত্যকাটিতে প্রাণহানি ও মানবিক সংকট আরও গভীর হচ্ছে।
সূত্র: আলজাজিরা, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
এফএইচ/বিএ/পিআর