ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান আটকে গেল পাকিস্তানের আকাশসীমায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান আটকে গেল পাকিস্তানের আকাশসীমায়

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানি বহনকারী একটি কার্গো বিমান বাংলাদেশে আসতে পারেনি। ফলে দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানির চালান আটকে গেছে।

গত ২৪ সেপ্টেম্বর বিমানটির বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় নির্ধারিত সূচি অনুযায়ী জ্বালানি পরিবহন সম্ভব হয়নি।

বিষয়টি ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, রূপপুরের জন্য ইউরেনিয়াম বহনকারী কার্গো বিমানটির ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেটি নির্ধারিত সময়ে আসতে পারেনি।

কেন অনুমতি দেয়নি পাকিস্তান?

পাকিস্তান কেন ওই বিমানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

তবে জ্বালানি পরিবহন পুরোপুরি বাতিল হয়নি। নতুন করে অক্টোবরের প্রথম সপ্তাহে রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর তারিখ প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বালানি পরিবহনের জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের সমন্বয় কর্মকর্তা আকাশসীমা ব্যবহারের অনুমতি না থাকার বিষয়টি জানান। এরপর পরিবহন কার্যক্রম স্থগিত করা হয়।

রূপপুরে উৎপাদন হবে ২,৪০০ মেগাওয়াট

পাবনার ঈশ্বরদীর রূপপুরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের সহায়তায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

প্রকল্পে তৃতীয় প্রজন্মের দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে। দুই ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।

দ্বিতীয় ইউনিটের জন্যই এবার রাশিয়া থেকে নতুন চালানে ইউরেনিয়াম জ্বালানি আনার কথা ছিল।

২০২৩ সালে এসেছিল প্রথম চালান

এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুরের প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানির প্রথম চালান বাংলাদেশে আসে।

রোসাটমের নোভোসিবিরস্ক কেমিক্যাল কনসেন্ট্রেটস প্ল্যান্টে তৈরি জ্বালানি রাশিয়ার একটি কার্গো বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

পরে বিশেষ নিরাপত্তার মধ্যে সুরক্ষিত কনটেইনারে করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় ‘গ্রিন করিডোর’ দিয়ে এসব জ্বালানি নেওয়া হয় রূপপুর প্রকল্প এলাকায়।

এবার পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় দ্বিতীয় ইউনিটের জ্বালানি পরিবহনে বিলম্ব হলো। নতুন প্রস্তাব অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহে জ্বালানির চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র: এএনআই

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত