এক টিকিটের দামে দুইজন! স্টার সিনেপ্লেক্সে সিনেমাপ্রেমীদের জন্য ধামাকা অফার
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪০, ৭ অক্টোবর ২০২৬
সিনেমাপ্রেমীদের জন্য বড় সুখবর! দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স পা রাখছে ২২ বছরে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে এসেছে দারুণ এক অফার—একটি টিকিট কিনলেই পাওয়া যাবে আরেকটি টিকিট একদম ফ্রি!
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাত্র এক দিনের জন্য এ বিশেষ অফারটি পাওয়া যাবে। স্টার সিনেপ্লেক্সের যেকোনো শাখায় যেকোনো সিনেমার শোয়ের জন্য কাউন্টার থেকে একটি টিকিট কিনলেই সঙ্গে মিলবে আরেকটি টিকিট।
অর্থাৎ বন্ধু, প্রিয়জন কিংবা পরিবারের কাউকে সঙ্গে নিয়ে সিনেমা দেখতে চাইলে এবার খরচ করতে হবে শুধু একজনের টিকিটের টাকা। তবে অফারটি পেতে কাউন্টার থেকেই টিকিট সংগ্রহ করতে হবে।
শুধু টিকিট নয়, থাকছে আরও চমক
২২ বছর পূর্তির আনন্দে দর্শকদের জন্য আরও একটি সুযোগ রেখেছে স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে গিয়ে সিনেপ্লেক্সে সিনেমা দেখার সবচেয়ে সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা শেয়ার করলেই জিতে নেওয়া যাবে ফ্রি মুভি ভাউচার। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা রয়েছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে।
২০০৪ থেকে ২২ বছরের পথচলা
২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। দেশের প্রথম আন্তর্জাতিক মানের মাল্টিপ্লেক্স হিসেবে যাত্রার পর আধুনিক প্রেক্ষাগৃহ, উন্নত সাউন্ড সিস্টেম, নান্দনিক পরিবেশ ও সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে দর্শকদের সিনেমা দেখার অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনে প্রতিষ্ঠানটি।
সময়ের সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকা ও দেশের অন্যান্য শহরেও শাখা বিস্তৃত করেছে স্টার সিনেপ্লেক্স। বর্তমানে প্রতিষ্ঠানটির একাধিক শাখায় হলিউড, বলিউড ও বাংলা সিনেমা প্রদর্শিত হচ্ছে।
২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, এই দীর্ঘ পথচলার মূল শক্তি দর্শকদের ভালোবাসা। দর্শকরা পাশে ছিলেন বলেই স্টার সিনেপ্লেক্স আজকের অবস্থানে পৌঁছেছে।
তিনি আরও বলেন, বিদেশি সিনেমার পাশাপাশি দেশে নিয়মিত মানসম্মত সিনেমা নির্মিত হোক এবং দর্শকদের হলমুখী করার মতো ভালো চলচ্চিত্র তৈরি হোক—এটাই তাদের প্রত্যাশা।
বগুড়া-রাজশাহীতেও যাচ্ছে সিনেপ্লেক্স
প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছর বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঢাকার আরও কয়েকটি এলাকায় শাখা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
তবে এসবের মধ্যে সিনেমাপ্রেমীদের নজর এখন ৮ অক্টোবরের বিশেষ অফারে—এক টিকিটের দামে দুইজনের সিনেমা দেখার সুযোগ!
এফএইচ/বিএ/পিআর