ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

বিক্ষোভে আটক, এবার দেশ ছাড়ার নোটিশ—আদালতের দ্বারস্থ হচ্ছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৫৮, ১৫ অক্টোবর ২০২৬

বিক্ষোভে আটক, এবার দেশ ছাড়ার নোটিশ—আদালতের দ্বারস্থ হচ্ছেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলিউড অভিনেতা ইমরান খান। আগামী শুক্রবার তাঁর আইনজীবীরা এ নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করবেন। ভারতের বিদেশি নাগরিক আইন লঙ্ঘনের অভিযোগে তাঁকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)।

ইমরানের আইনজীবী জুলফিকার মেমন, পারভেজ মেমন ও চিরাগ নায়েক জানিয়েছেন, শুক্রবারই তাঁরা হাইকোর্টে আবেদন করবেন। তাঁদের যুক্তি, ইমরানের কাছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে। এ কার্ডধারীদের ক্ষেত্রে বিক্ষোভে অংশ নেওয়ার ওপর এমন কোনো সাধারণ নিষেধাজ্ঞা নেই বলে তাঁরা মনে করেন।

তবে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার সময়সীমা নির্ধারণ করায় আদালতে দ্রুত শুনানি প্রয়োজন বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত এক বিক্ষোভে অংশ নেন ইমরান খান। ওই কর্মসূচিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর পদত্যাগ এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়।

যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান ওই বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁকে আটক করে মুম্বাই পুলিশ। কয়েক ঘণ্টা পর তাঁকে ও তাঁর সঙ্গে আটক অন্যদের ছেড়ে দেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে বিদেশি আইন লঙ্ঘনের অভিযোগ এফআরআরওর কাছে পাঠায় পুলিশ। এর পরই তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়।

ইমরানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মুম্বাই পুলিশকে চিঠি দিয়েছিলেন বিজেপি নেতা ও মহারাষ্ট্র বিজেপির সহসভাপতি কিরিট সোমাইয়া। তাঁর অভিযোগ, বিদেশি নাগরিক হয়ে ইমরান বেআইনি রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে ওসিআই-সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেছেন।

ইমরান খান ১৯৮৩ সালের ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তাঁর কাছে ওসিআই পরিচয়পত্র রয়েছে। তাঁর মা নুজহাত খান অভিনেতা আমির খানের ফুফু।

ওসিআই কার্ডধারী ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকেরা আজীবন ভারতে প্রবেশের ভিসাসুবিধা পান। তবে তাঁরা ভারতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা ভোট দিতে পারেন না। ইমরানের আইনজীবীরা মনে করছেন, বিক্ষোভে অংশ নেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।

দেশ ছাড়ার নির্দেশের পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে বিজেপি সরকারের নীতির সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি প্রশ্ন তোলেন, মার্কিন নাগরিক মেরি মিলবেন বিজেপির পক্ষে কথা বলতে পারলেও ওসিআই কার্ডধারী ইমরান কেন বিজেপির সমালোচনা করতে পারবেন না।

আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ভ্যানে বসা একটি ছবি প্রকাশ করেছিলেন ইমরান। সেখানে তিনি রসিকতা করে লিখেছিলেন, ‘মনে হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি।’ ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে ‘জয় হিন্দ’ বলতে শোনা যায়। আরেকটি ভিডিওতে তিনি বলেন, কেন তাঁকে আটক করা হয়েছে, তা বুঝতে পারছেন না।

পরে গণমাধ্যমকে ইমরান বলেন, মুম্বাইয়ের বাসিন্দা হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর ভাষ্য, মানুষের চলাচলের অধিকার কেন বাধাগ্রস্ত হচ্ছে এবং কেন মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে, তা দেখতে তিনি বিক্ষোভস্থলে গিয়েছিলেন।

সিজেপির ওই কর্মসূচি থেকে মুম্বাই পুলিশ প্রায় ৬০০ জনকে আটক করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী, তাঁর সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং সিপিএমের কর্মী-সমর্থকেরাও ছিলেন।

ইমরান খান শিশুশিল্পী হিসেবে আমির খানের ‘কেয়ামত সে কেয়ামত তক’ ও ‘জো জিতা ওহি সিকন্দর’ সিনেমায় অভিনয় করেন। পরে ‘জানে তু ইয়া জানে না’, ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘দিল্লি বেলি’ ও ‘মেরে ব্রাদার্স কি দুলহন’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পর তিনি আন্তর্জাতিক প্রাণী অধিকার সংগঠন পেটার সক্রিয় সমর্থক হিসেবে কাজ করছেন।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত