ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারানো পাঁচ বোনের পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০০, ২ অক্টোবর ২০২৬

এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারানো পাঁচ বোনের পাশে প্রধানমন্ত্রী

ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারানো পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটির জন্য আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামের প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়।

প্রতিনিধিদলের সদস্যরা পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং বাবা-মাকে হারানো পাঁচ কন্যার খোঁজখবর নেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন বলেন, গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি পরিবারের পাশে দাঁড়াতে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও সহযোগিতার বার্তা নিয়ে তারা পরিবারের কাছে এসেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপে ৩১ দিনের ব্যবধানে মারা যান কৃষক আবুল কালাম আজাদ ও তার স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয়। এর প্রায় এক মাস পর নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়। বাবা-মাকে হারিয়ে তাদের পাঁচ কন্যা এতিম হয়ে পড়ে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত