বিতর্কের আগুন পেরিয়ে মুক্তির দুয়ারে সালমানের ‘মাতৃভূমি’
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮, ৩ অক্টোবর ২০২৬
বিতর্ক, সরকারি পর্যবেক্ষণ, নাম পরিবর্তন আর চিত্রনাট্যে বড়সড় কাটছাঁট—এক এক করে সব বাধা পেরিয়ে এবার মুক্তির দুয়ারে বলিউড তারকা সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।
দীর্ঘ অপেক্ষার পর ছবিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এনওসি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাও অনেকটাই কেটে গেছে।
২০২০ সালের ভারত-চীন গালওয়ান উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। শুরুতে ছবিটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। কিন্তু সিনেমার বিষয়বস্তু ঘিরে ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা তৈরি হওয়ায় শুরু থেকেই নানা প্রশ্নের মুখে পড়ে ছবিটি।
নাম বদলেই শেষ নয়, বদলেছে গল্পের উপস্থাপনও
‘ব্যাটল অব গালওয়ান’ থেকে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’—শুধু নামেই আসেনি পরিবর্তন। সরকারি পর্যবেক্ষণের পর সিনেমার চিত্রনাট্যেও বড় ধরনের সংশোধন আনা হয়েছে।
প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যবেক্ষণের পর ছবির বেশ কিছু দৃশ্য নতুন করে শুট করা হয়। একই সঙ্গে ভারত-চীন সংঘাতের পাশাপাশি দুই দেশের সম্পর্কের ইতিবাচক ও শান্তির দিকটি তুলে ধরার ওপর জোর দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরিবর্তিত সংস্করণ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এরপরই ছবিটির মুক্তির পথ খুলতে শুরু করে।
নভেম্বরে সালমানকে বড় পর্দায় দেখার অপেক্ষা
সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘মাতৃভূমি’। দীপাবলির উৎসবকে সামনে রেখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছে নির্মাতা দল।
তবে এখনও শেষ হয়নি আনুষ্ঠানিকতা। খুব শিগগির ছবিটি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর কাছে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
চলতি মাসের মধ্যে সেন্সর ছাড়পত্র মিললে নভেম্বরের মাঝামাঝিতেই বড় পর্দায় দেখা যেতে পারে সালমান খান অভিনীত সিনেমাটি।
দীর্ঘ বিতর্ক, পরিবর্তন আর অপেক্ষার পর এবার দর্শকের সামনে ‘মাতৃভূমি’। শেষ পর্যন্ত সিনেমাটি পর্দায় কতটা আলোড়ন তুলতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।
এফএইচ/বিএ/পিআর