ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩

/ বিনোদন

প্রকাশের সাত মাস পরও দাপট, বিলবোর্ডে টিকে আছে বিটিএসের ‘আরিরাং’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৩০, ২৯ অক্টোবর ২০২৬

প্রকাশের সাত মাস পরও দাপট, বিলবোর্ডে টিকে আছে বিটিএসের ‘আরিরাং’

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ তালিকায় টানা ৩১ সপ্তাহ ধরে অবস্থান করছে। দীর্ঘ সময় ধরে চার্টে জায়গা ধরে রাখার পাশাপাশি অ্যালবামটির গান ‘সুইম’ (SWIM) আন্তর্জাতিক সংগীত তালিকা ও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও সাফল্য ধরে রেখেছে।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত কোরীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩১ অক্টোবর তারিখযুক্ত বিলবোর্ড ২০০ তালিকায় ‘আরিরাং’ ৪৬তম অবস্থানে রয়েছে। আগের সপ্তাহের তুলনায় পাঁচ ধাপ পিছিয়েছে অ্যালবামটি। তবে গত মার্চে প্রকাশের পর থেকেই শ্রোতাদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে বিটিএসের এই অ্যালবাম।

প্রকাশের পরপরই বিলবোর্ড ২০০ তালিকায় প্রথম স্থান দখল করেছিল ‘আরিরাং’। অ্যালবামটি টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখে। এরপরও টানা ৩১ সপ্তাহ তালিকায় অবস্থান করে বিশ্বজুড়ে বিটিএসের জনপ্রিয়তার ধারাবাহিকতা তুলে ধরেছে। বিলবোর্ডের ‘টপ অ্যালবাম সেলস’ তালিকায়ও অ্যালবামটি ১৯তম স্থানে রয়েছে।

অ্যালবামের শিরোনাম গান ‘সুইম’ও ভালো অবস্থানে রয়েছে। বিলবোর্ড গ্লোবাল ২০০ তালিকায় গানটি ২৮তম এবং যুক্তরাষ্ট্রের বাইরের স্ট্রিমিং ও ডিজিটাল বিক্রিভিত্তিক ‘গ্লোবাল এক্সক্লুডিং ইউএস’ তালিকায় দশম স্থানে রয়েছে। এ ছাড়া দ্বিতীয় গান ‘নরমাল’ও দুই তালিকায় জায়গা ধরে রেখেছে।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়েও বিটিএসের সাফল্য উল্লেখযোগ্য। ব্যান্ডটির অ্যালবাম ‘আরিরাং’ ১৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ বিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে। আর ‘সুইম’ গানটি ২৪ অক্টোবর এক বিলিয়ন স্ট্রিমের মাইলফলক স্পর্শ করে। এ ছাড়া ১৬ অক্টোবর পর্যন্ত ২০২৬ সালে বিটিএসের মোট স্পটিফাই স্ট্রিম ১০ বিলিয়ন ছাড়িয়েছে বলে জানিয়েছে তাদের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক।

এদিকে বিটিএসের ‘আরিরাং’ বিশ্ব সফরও চলছে। অক্টোবরের শেষ দিকে ব্রাজিলের সাও পাওলোতে কনসার্টের মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকা পর্ব শেষ করার কথা রয়েছে ব্যান্ডটির। নভেম্বর থেকে তাইওয়ানের কাওশিউংয়ে শুরু হবে এশিয়া পর্বের আয়োজন।

বিলবোর্ডের তালিকায় টানা ৩১ সপ্তাহ অবস্থান এবং স্পটিফাইয়ে একের পর এক মাইলফলক—সব মিলিয়ে ‘আরিরাং’ অ্যালবামটি প্রকাশের কয়েক মাস পরও বিটিএসের বৈশ্বিক জনপ্রিয়তার অন্যতম প্রমাণ হয়ে রয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - বিনোদন

আপনার জন্য নির্বাচিত