ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ অন্যান্য / শিক্ষা

দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে চুয়েটের পরিস্থিতি তদন্তের উদ্যোগ

চুয়েট সংবাদদাতা

প্রকাশিত: ১০:৫৮, ১৯ অক্টোবর ২০২৬

দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে চুয়েটের পরিস্থিতি তদন্তের উদ্যোগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং নিয়মিত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে ইউজিসি চেয়ারম্যানের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

চিঠিতে চুয়েটের বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় ইউজিসির সদস্য পর্যায়ে একটি তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটিকে সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখে সুস্পষ্ট সুপারিশ জরুরিভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৭ অক্টোবর চুয়েটের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টায় নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সভাপতিত্বে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্যসহ ছয়জন সদস্য অংশ নিলেও কোনো শিক্ষক সদস্য যোগ দেননি।

সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম সিদ্ধান্তে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়া এবং সম্ভাব্য সেশনজট নিয়ে উদ্বেগ জানিয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত নিয়মিত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসার আহ্বান জানানো হয়।

দ্বিতীয় সিদ্ধান্তে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ও পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বিত আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের কথা বলা হয়।

তৃতীয় সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন এবং শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর টেকসই সমাধান খুঁজতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত ও পরামর্শক কমিটি গঠনের সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেটের এ সুপারিশের পরিপ্রেক্ষিতেই ইউজিসিকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির পর্যালোচনা ও সুপারিশ পাওয়ার পর চুয়েটের সংকট নিরসন এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে চুয়েটে দীর্ঘদিন ধরে ক্লাস ও পরীক্ষা ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়া এবং সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত