ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

পল্টনে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ২৭ অক্টোবর ২০২৬

পল্টনে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড

রাজধানীর পুরানা পল্টনে জড়ো হয়ে রাষ্ট্র ও সরকারবিরোধী স্লোগান এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. মিরাজুল ইসলাম আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. মোস্তফা সরদার, মো. রাশেদ, ঢাকা ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজীব, মো. সেলিম মিঞা, আব্দুস সামাদ রনি, মো. মমিন হাওলাদার, মো. জিহাদ, রসুলপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সদস্য মহিউদ্দিন, যুবলীগ কর্মী মো. রাহাদ, রাতুল, মো. মারুফ, মো. রায়হান, সানি ও নাজমুল হাসান হৃদয়।

আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. আতাউর রহমান খান রুকুসহ কয়েকজন রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৪ অক্টোবর পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টস গলির মুখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী সমবেত হন। এ সময় তারা সরকার ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক স্লোগান দেন এবং নাশকতার পরিকল্পনা করেন বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের শনাক্ত করা, নাশকতায় অর্থায়নকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এদিকে, একই ঘটনায় জড়িত চার শিশু আসামিকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত