ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ, নাবিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:০০, ১৫ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ, নাবিক নিহত

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ডুবে গেছে দুটি বাণিজ্যিক জাহাজ। জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘কেপ দাও’। সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বুধবার সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা জাহাজ দুটি ডুবে যাওয়ার তথ্য জানান। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, জিএফএস প্রাইড হরমুজ প্রণালি অতিক্রমের সময় হামলার শিকার হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি ডুবে যায়।

সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, কেপ দাও জাহাজটি গত ২৩ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্রসদৃশ কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে বুধবার এটি হরমুজ প্রণালির কাছে ডুবে যায়। সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগের হামলায় জাহাজটির একজন নাবিক নিহত হয়েছিলেন। হামলার পর অন্য নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছিল।

জাহাজ দুটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ১০ দিনে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় জাহাজে হামলার ঘটনা বেড়েছে। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তাঝুঁকি বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে সামুদ্রিক পরিবহন খাতে।

ইরান বলছে, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর মার্কিন নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।

আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) জাহাজ দুর্ঘটনাসংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে ডুবে যাওয়া দ্বিতীয় ও তৃতীয় জাহাজ হলো জিএফএস প্রাইড ও কেপ দাও।

সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। সংস্থাটি বলেছে, এ ধরনের হামলার কোনো যৌক্তিকতা নেই এবং তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মারিস্কসও সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এখনো গুরুতর নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। শুধু তেলবাহী ট্যাংকার নয়, কনটেইনার ও অন্যান্য পণ্যবাহী জাহাজও হামলার হুমকির মুখে রয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত