ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

কিশোরদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে নতুন নিয়ন্ত্রণ, নজরদারি করতে পারবেন অভিভাবকেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ২ অক্টোবর ২০২৬

কিশোরদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে নতুন নিয়ন্ত্রণ, নজরদারি করতে পারবেন অভিভাবকেরা

কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে সন্তান কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হলে অভিভাবকেরা তা জানতে পারবেন। পাশাপাশি অ্যাকাউন্টের বিভিন্ন গোপনীয়তা সেটিংসও নিয়ন্ত্রণ করার সুযোগ পাবেন তারা।

শিশু ও কিশোরদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিভিন্ন দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার চাপ বাড়ছে। এর মধ্যেই নতুন এই সুবিধা চালুর ঘোষণা দিল হোয়াটসঅ্যাপ।

কী নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা

নতুন প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহারের মাধ্যমে অভিভাবকেরা নির্ধারণ করে দিতে পারবেন, কারা সন্তানের প্রোফাইল ছবি দেখতে পারবেন এবং কারা তাকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবেন।

সন্তান হোয়াটসঅ্যাপের ‘চ্যানেলস’ সুবিধা কীভাবে ব্যবহার করবে, সেটিও নিয়ন্ত্রণ করার সুযোগ থাকবে। গ্রুপে যোগ দেওয়া বা গ্রুপ ছাড়ার বিষয়েও অভিভাবকেরা জানতে পারবেন।

তবে এই সুবিধার মাধ্যমে সন্তানের ব্যক্তিগত কথোপকথন দেখার সুযোগ পাবেন না অভিভাবকেরা।

ব্যক্তিগত বার্তা ও কল থাকবে সুরক্ষিত

সন্তানের পাঠানো ও গ্রহণ করা ব্যক্তিগত বার্তা আগের মতোই ব্যক্তিগত থাকবে। ফোনকলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্যারেন্টাল কন্ট্রোল চালু থাকলেও কিশোর-কিশোরীদের বার্তা ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। অর্থাৎ অভিভাবকেরা সন্তানের যোগাযোগের বিষয় নিয়ন্ত্রণ করতে পারলেও ব্যক্তিগত কথোপকথনের বিষয়বস্তু দেখতে পারবেন না।

মেটা এআই ব্যবহারে নিয়ন্ত্রণ

প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘মেটা এআই’ ব্যবহারের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা যাবে।

এ জন্য হোয়াটসঅ্যাপের ডিফল্ট ‘১৩+’ সেটিংস থেকে ‘লিমিটেড কনটেন্ট’ অপশন নির্বাচন করতে হবে।

বাধ্যতামূলক নয়, বন্ধ করতে পারবেন অভিভাবকেরা

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধাটি ঐচ্ছিক। অভিভাবকেরা চাইলে যেকোনো সময় এটি বন্ধ করতে পারবেন। তবে কিশোর-কিশোরীরা নিজেরা এই নিয়ন্ত্রণ বন্ধ করার সুযোগ পাবে না।

তবে সুবিধাটি ঐচ্ছিক হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা।

তার মতে, এই ব্যবস্থা মেটার জন্যও সুবিধাজনক হতে পারে। কারণ এতে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের প্রয়োজন কিছুটা কমতে পারে। একই সঙ্গে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তার দায়িত্বের একটি অংশ অভিভাবক ও ব্যবহারকারীদের ওপরও চলে আসতে পারে।

সূত্র: বিবিসি

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত