ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

কিশোর গ্যাং দমনে মাঠে নামছে উপজেলা প্রশাসন, সভাপতি ইউএনও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০২, ১৯ অক্টোবর ২০২৬

কিশোর গ্যাং দমনে মাঠে নামছে উপজেলা প্রশাসন, সভাপতি ইউএনও
কিশোর গ্যাং ও উদীয়মান অপরাধী চক্রের তৎপরতা প্রতিরোধে দেশের প্রতিটি উপজেলায় বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ, তরুণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি উপজেলা পর্যায়ে একটি করে কিশোর গ্যাং প্রতিরোধ কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটির সভাপতি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

দেশের বিভিন্ন এলাকায় কিশোর ও তরুণদের মধ্যে দলবদ্ধভাবে অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগ তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সমন্বয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এবং সামাজিক উদ্যোগ জোরদারের লক্ষ্যেই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটিগুলো স্থানীয় অভিভাবক, শিক্ষক, সামাজিক প্রতিনিধি ও নাগরিক সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। কিশোর গ্যাংয়ের তৎপরতা পর্যবেক্ষণের পাশাপাশি তরুণদের অপরাধ থেকে দূরে রাখা, জনসচেতনতা তৈরি এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ও সামাজিক প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে উপজেলা পর্যায়ে কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত