ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির সঙ্গে যোগাযোগ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০১:৪০, ১৫ অক্টোবর ২০২৬

জাতীয় দলে ফিরতে চান জাহানারা, বিসিবির সঙ্গে যোগাযোগ

দুই বছর ধরে অস্ট্রেলিয়ায় অবস্থানের পর আবারও বাংলাদেশের নারী ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন পেসার জাহানারা আলম। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও খেলতে চান তিনি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং প্রধান রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

বিষয়টি নিশ্চিত করে রফিকুল ইসলাম বলেন, জাহানারা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। বিসিবির আরও কয়েকজনের সঙ্গেও কথা বলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে খেলতেও জাহানারা রাজি আছেন বলে জানান নারী উইং প্রধান।

২০২৪ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন জাহানারা। এরপর থেকে তাঁকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি। অস্ট্রেলিয়ায় অবস্থানকালে বিসিবির নারী বিভাগের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে দলে গ্রুপিংয়ের অভিযোগও করেছিলেন এই পেসার।

বিসিবিকে দেওয়া ১৩ পৃষ্ঠার একটি চিঠিতেও বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছিলেন জাহানারা। তবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি তিনি। বরং উপযুক্ত পরিবেশ পেলে আবারও দেশের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এবার সরাসরি বিসিবির সঙ্গে যোগাযোগ করে সেই আগ্রহের কথাই জানালেন তিনি।

জাহানারার জাতীয় দলে ফেরার বিষয়ে রফিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত বিরোধ বা গ্রুপিংয়ের চেয়ে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া উচিত। তাঁর ভাষ্য, দেশের স্বার্থে সব ক্রিকেটারের জন্যই বিসিবির দরজা খোলা রয়েছে।

তবে জাতীয় দলে ফিরতে হলে জাহানারাকে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। গত দুই বছরে তিনি স্বীকৃত কোনো ক্রিকেট ম্যাচ খেলেননি। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুশীলনের ভিডিও দেখা গেছে। এ অবস্থায় ফিটনেস ও বর্তমান ফর্ম যাচাই করেই তাঁকে বিবেচনায় নেওয়া হবে।

বিসিবির নারী উইং প্রধানের পরামর্শ, আগে ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে জাহানারাকে। রফিকুল ইসলাম জানান, জাতীয় দলে সুযোগ পেতে হলে প্রত্যেক ক্রিকেটারকেই যোগ্যতা দেখাতে হবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং নির্বাচকদের বিবেচনায় খেলার উপযুক্ত প্রমাণিত হওয়াও জরুরি।

২০১১ সালে বাংলাদেশের নারী ক্রিকেট দলে অভিষেক হয় জাহানারা আলমের। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এর মধ্যে সাতটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন এই পেসার।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত