শুটিংয়ে পিছলে পড়ে হাঁটুতে চোট, চেয়ারে বসেই ‘কেবিসি’ সঞ্চালনা অমিতাভের
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪০, ২ অক্টোবর ২০২৬
শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। চোটের কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে মঞ্চে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে।
প্রতিটি পর্বের শুরুতে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে বক্তব্য দেন অমিতাভ। কিন্তু বুধবারের পর্বে তার ব্যতিক্রমী উপস্থিতি দেখে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
পরে বিষয়টি নিজেই পরিষ্কার করেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। অমিতাভ জানান, আগের দিনের শুটিংয়ের সময় পিছলে পড়ে তার হাঁটুতে আঘাত লাগে। ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান সঞ্চালনা করতে তার কিছুটা সমস্যা হচ্ছিল।
তবে চোট গুরুতর নয় বলেও দর্শকদের আশ্বস্ত করেছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন বলে জানান বলিউডের এই মহাতারকা।
এর আগে নিজের একটি ব্লগ পোস্টে ‘wishes to retire’ কথাটি লেখার পর অমিতাভ বচ্চনের অভিনয় থেকে অবসর নেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। পরে অবশ্য তিনি স্পষ্ট করেন, অভিনয় থেকে অবসর নেওয়ার কথা তিনি বলেননি। ঘুমাতে যাওয়ার প্রসঙ্গেই ওই কথাটি লিখেছিলেন।
অমিতাভ বচ্চনকে সর্বশেষ বড় পর্দায় নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় দেখা গেছে।
এফএইচ/বিএ/পিআর