ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২২, ২১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রাচার (প্রটোকল) ভঙ্গের অভিযোগ ওঠার পর রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর পরিবর্তে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল আলম সরকার।

মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁকে তাৎক্ষণিকভাবে রাজশাহী বিভাগীয় কমিশনারের দায়িত্ব থেকে অবমুক্ত করে আদেশ জারি করা হয়। এরপর তিনি রাজশাহী ছাড়েন।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান।

এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর তাঁর দিকে ঝুঁকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রাচার ভঙ্গের আলোচনা শুরু হয়। পরে তাঁকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় ইউসুফ আলীকে হাত মেলানোর পর তাঁর দিকে ঝুঁকে এগিয়ে যেতে দেখা যায়। তবে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। পরে রাজশাহীতে যান। সেখানকার কর্মসূচি শেষে সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন।

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহারের ঘটনায় প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত