ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের এনসিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৪, ১ অক্টোবর ২০২৬

১৫ বছরের জন্য বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের এনসিটি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছর মেয়াদে একটি আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ সংক্রান্ত চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউমুরিং কনটেইনার টার্মিনাল, ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড’ শীর্ষক পিপিপি প্রকল্পের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এনসিটি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছর মেয়াদে একটি আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালিত হবে। এ জন্য স্বাক্ষরিতব্য রেয়াতি চুক্তির খসড়ায় চূড়ান্ত অনুমোদনের বিষয়টি বৈঠকে উপস্থাপন করা হয়। পর্যালোচনা শেষে কমিটি এতে নীতিগত অনুমোদন দিয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর লক্ষ্যেই পিপিপির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। এনসিটি পরিচালনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড প্রস্তাব দেওয়ার পর থেকেই বিষয়টি আলোচনায় আসে। শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন শুরু থেকেই টার্মিনালটি বিদেশিদের হাতে দেওয়ার বিরোধিতা করে আসছে এবং এ নিয়ে ধারাবাহিক কর্মসূচিও পালন করছে।

এক লাখ টন ইউরিয়া সার আমদানির অনুমোদন

একই বৈঠকে দেশে ইউরিয়া সারের নিরাপত্তা মজুদ গড়ে তুলতে এক লাখ মেট্রিক টন সার আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) বাস্তবায়নকারী সংস্থা হিসেবে এ সার আমদানি করবে।

সংযুক্ত আরব আমিরাতের জেএসসি ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি এবং রাশিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেএসসি শচেকিনোআজটের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন ইউরিয়া আমদানির সিদ্ধান্ত হয়েছে।

সার কেনার ক্ষেত্রে বিসিআইসির বিদ্যমান সরকারি পর্যায়ের চুক্তিতে ব্যবহৃত মূল্য নির্ধারণ সূত্র অনুসরণ করা হবে। সংযুক্ত আরব আমিরাতের ডেল্টা স্টার ট্রেডিংয়ের স্থানীয় প্রতিনিধি হিসেবে ঢাকার আবেদিতা ট্রেডিং কাজ করবে।

শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে সার আমদানিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের কয়েকটি সার কারখানায় সাম্প্রতিক সময়ে উৎপাদন ব্যাহত হওয়ায় অভ্যন্তরীণ চাহিদা পূরণেও ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য সংকট মোকাবিলা এবং দেশে পর্যাপ্ত ইউরিয়া সার মজুদ নিশ্চিত করতে অতিরিক্ত এক লাখ টন সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিআইসি জানিয়েছে, ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি স্বপ্রণোদিত হয়ে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সরবরাহের প্রস্তাব দেয়। যাচাই-বাছাই শেষে প্রস্তাবটি গ্রহণযোগ্য বিবেচনা করে সরাসরি ক্রয় পদ্ধতিতে সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত