মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদিতে ফাঁসি কার্যকর দুই বাংলাদেশির!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৮, ১৫ অক্টোবর ২০২৬
পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন—নজরুল ইসলাম আবদুল বশীর ও সিথি আক্তার। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মসজিদে অনৈতিক কাজের অভিযোগ, গ্রেপ্তার দুই বাংলাদেশি
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। পরে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে বিচারিক প্রক্রিয়া শেষে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, অপরাধের গুরুত্ব এবং পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাযিরের আওতায় তাঁদের মৃত্যুদণ্ড দেন।
উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদনের পর কার্যকর
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় পরবর্তী সময়ে সংশ্লিষ্ট উচ্চতর কর্তৃপক্ষ বহাল রাখে। এরপর রাজকীয় আদেশের ভিত্তিতে সাজা কার্যকরের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুসারেই বুধবার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
কঠোর বার্তা সৌদি সরকারের
ঘটনার পর দেওয়া বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের নিরাপত্তা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা রক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধের চেষ্টা করলেও কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
তবে দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ, ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছিল এবং মামলার অন্যান্য তথ্য উদ্ধৃত বিবৃতিতে প্রকাশ করা হয়নি।
সূত্র: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ও আজেল নিউজ।
এফএইচ/বিএ/পিআর