ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

শিক্ষার্থীদের মধ্যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৫, ২৬ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের মধ্যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: রাষ্ট্রপতি

আজকের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যেই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্নের প্রতিচ্ছবি দেখা যায়। দেশকে এগিয়ে নিতে তাদের সুশিক্ষিত, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা ২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকরা এ সফরে অংশ নেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাদের উদ্দেশে বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় তারা রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপচারিতার সুযোগ পায়।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের সবসময় সম্মান করতে হবে। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে বাবা-মায়ের ত্যাগ ও পরিশ্রমের কথা মনে রেখে নিজেদের প্রস্তুত করতে হবে। সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারলে একদিকে যেমন বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে জাতির প্রত্যাশাও পূরণ হবে।

বঙ্গভবনের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, এটি কেবল একটি ভবন নয়; রাষ্ট্রের প্রতীক এবং দেশের ইতিহাসের সাক্ষী। ভবিষ্যতেও পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে রাষ্ট্র, বঙ্গভবনের ইতিহাস-ঐতিহ্য এবং ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তথ্যপ্রযুক্তির বর্তমান যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষতা অর্জনের আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর পরামর্শ দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত