ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

শ্মশানের পাশে মোদির ছবি, ‘কালো জাদু’র অভিযোগে তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ২৫ অক্টোবর ২০২৬

শ্মশানের পাশে মোদির ছবি, ‘কালো জাদু’র অভিযোগে তদন্তে পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি শ্মশানের পাশে রেখে কথিত ‘কালো জাদু’র আচার পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে তৈরি হয়েছে রহস্য। কে বা কারা এমন কাণ্ড ঘটিয়েছে, আর এর পেছনে কী উদ্দেশ্য—তা জানতে তদন্তে নেমেছে উত্তর প্রদেশের পুলিশ। ইতোমধ্যে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড-এর প্রতিবেদনের বরাতে জানা গেছে, উত্তর প্রদেশের মৌ জেলার দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর তীরে একটি শ্মশানের কাছে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেখানে নরেন্দ্র মোদির একটি ছবি রাখা রয়েছে। ছবিটির চারপাশে সাজানো নারকেল, লেবু, কমলা রঙের গুঁড়াসহ বিভিন্ন আচার-অনুষ্ঠানে ব্যবহৃত সামগ্রী।

শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ ঘটনার কথা নিশ্চিত করেন। ভিডিওটি নজরে আসার পরই বিষয়টি খতিয়ে দেখতে উদ্যোগী হয় পুলিশ। ভিডিওটির উৎস শনাক্ত করতে সাইবার সেলের সহায়তা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশ থেকে আলামত সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

ঘোষী এলাকার সার্কেল অফিসার সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, দোহরিঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

ঘটনার রহস্য উদ্‌ঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করছে পুলিশ। কারা সেখানে প্রধানমন্ত্রীর ছবি ও এসব সামগ্রী রেখেছিল, ঘটনাটির পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল কি না এবং ভিডিওটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ল—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

তবে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কারও পরিচয় কিংবা কথিত ‘কালো জাদু’র উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভিডিওতে দেখা কর্মকাণ্ডের প্রকৃত কারণও স্পষ্ট নয়।

সূত্র: ডেকান হেরাল্ড

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত