সাহিত্যে নোবেল পেলেন অ্যান কার্সন, পুরস্কারজুড়ে অভিনব সৃষ্টির স্বীকৃতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩, ৮ অক্টোবর ২০২৬
কানাডীয় লেখক ও কবি অ্যান কার্সন ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন রূপ সৃষ্টির সাহসী ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নোবেল কমিটির আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের সাহিত্যে নোবেলজয়ী হিসেবে অ্যান কার্সনের নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটির ভাষ্য, কার্সনের সাহিত্যকর্মে কবিতা, প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য এবং বিভিন্ন শিল্পমাধ্যমের মধ্যে তৈরি হয়েছে নতুন ধরনের সম্পর্ক। তার লেখায় ধ্রুপদি ঐতিহ্য ও সমকালীন ভাবনার অভিনব মেলবন্ধন পাঠকদের সামনে ভিন্ন এক সাহিত্যিক জগৎ তৈরি করেছে।
পুরো কর্মজীবনে কবিতা লেখার পাশাপাশি অনুবাদ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন কার্সন। তার প্রায় সব সাহিত্যকর্মের কেন্দ্রে রয়েছে ভাষার প্রতি গভীর অনুসন্ধিৎসা এবং নতুন অর্থ আবিষ্কারের কবিসুলভ আকাঙ্ক্ষার মেলবন্ধন। শব্দের ব্যুৎপত্তিকে নিজের কাজের গুরুত্বপূর্ণ সূচনাবিন্দু হিসেবে বিবেচনা করেছেন তিনি।
নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স ওলসন কার্সনের সাহিত্যকর্মের প্রশংসা করে বলেন, তার লেখার মাধ্যমে কবিতা, প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য ও বিভিন্ন শিল্পমাধ্যমের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হয়েছে।
চলতি বছরের নোবেল পুরস্কারের এটি তৃতীয় ঘোষণা। এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞান এবং বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। আগামী শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নোবেল পদক তুলে দেওয়া হবে। সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেবেন। পরে স্টকহোম সিটি হলে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নোবেল ভোজ।
এফএইচ/বিএ/পিআর