ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

১৯৫ কোটি টাকার অর্থ পাচার তদন্তে ‘কুইন মিশেল’ ও তার মা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ২ অক্টোবর ২০২৬

১৯৫ কোটি টাকার অর্থ পাচার তদন্তে ‘কুইন মিশেল’ ও তার মা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুইন মিশেল’ নামে পরিচিত ইকুয়েডরের টিকটক ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর ও পপ গায়িকা মিশেল জামিলেথ মাসিয়াস পেনিয়ারেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থ পাচারের একটি বড় তদন্তের অংশ হিসেবে কলম্বিয়ায় অভিযান চালিয়ে তাকে ও তার মা ইন্ডা মারিয়েলা পেনিয়ারেতো তুয়ারেজকে আটক করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর কলম্বিয়ার স্যান্টান্ডার শহরের সাবানা দে তোরেস এলাকায় একটি খামারবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

১৯৫ কোটি টাকার লেনদেন তদন্তে

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৯ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড বা আনুমানিক ২৫ দশমিক ৮ মিলিয়ন ডলারের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে তদন্ত চলছে। ইকুয়েডরীয় কর্তৃপক্ষের ‘ব্লাঙ্কো ফিতো’ নামের অর্থ পাচারবিরোধী তদন্তে মিশেল ও তার মায়ের নাম এসেছে।

তাদের বিরুদ্ধে কী ধরনের অপরাধে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে, তা তদন্তাধীন। কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ অর্থকে বৈধ করার একটি নেটওয়ার্কের বিষয়ে তদন্ত চলছে।

‘কুইন মিশেল’ কেন আলোচনায়

২৩ বছর বয়সী মিশেল সামাজিক যোগাযোগমাধ্যমে বিলাসবহুল জীবনযাপন, নাচ, গান ও নানা ধরনের ভিডিও প্রকাশ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। টিকটকে তার অনুসারীর সংখ্যা ৬৫ মিলিয়নের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরে সংগীতেও ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০২৩ সালে ‘এল করিদো দেল লিওন’ নামে একটি গানে অংশ নেন, যা তার বাবা হোসে অ্যাডোলফোস মাসিয়াস ভিল্লামারকে উৎসর্গ করা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। তার বাবা ‘ফিতো’ নামে পরিচিত এবং ইকুয়েডরের অপরাধী সংগঠন ‘লোস চোনেরোস’-এর সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

চার মাস আত্মগোপনে থাকার দাবি

তদন্তসংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মিশেল ও তার মা প্রায় চার মাস ধরে সাবানা দে তোরেসের ওই খামারবাড়িতে আত্মগোপনে ছিলেন। এর আগে তারা বুকারামাঙ্গা ও মেডেলিনেও অবস্থান করেছিলেন বলে দাবি করা হয়।

বিশেষ অভিযানে তাদের অবস্থান শনাক্ত করতে ইকুয়েডর পুলিশ ও কলম্বিয়ার বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এফবিআইও যুক্ত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এই গ্রেপ্তারকে স্বাগত জানিয়েছেন।

পাঁচ বছর আগে অপহৃত হয়েছিলেন

কুইন মিশেলের জীবনে এর আগেও বড় ধরনের ঘটনা ঘটেছিল। ২০২১ সালের নভেম্বরে মাত্র ১৯ বছর বয়সে ইকুয়েডরের মান্টা শহর থেকে তাকে অপহরণ করা হয়। একটি বিউটি পার্লার থেকে বের হওয়ার সময় তাকে এবং সঙ্গে থাকা আরেক তরুণীকে তুলে নেওয়া হয়েছিল। চার দিন পর তাকে উদ্ধার করে দেশটির অ্যান্টি-কিডন্যাপিং অ্যান্ড এক্সটরশন ইউনিট।

এবার অর্থ পাচারের আন্তর্জাতিক তদন্তে গ্রেপ্তারের পর মিশেল ও তার মাকে ইকুয়েডরে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তদন্ত চলাকালে তাদের কঠোর নিরাপত্তার মধ্যে রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত