ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩

/ Breaking News

‘এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় ইয়ামাল’, বললেন ফ্লিক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ১৮ অক্টোবর ২০২৬

‘এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় ইয়ামাল’, বললেন ফ্লিক

বার্সেলোনার তরুণ স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ কোচ হ্যান্সি ফ্লিক। রিয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ের পর জার্মান এই কোচের দাবি, বর্তমান সময়ে বিশ্বের সেরা খেলোয়াড় ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই মাঠে তাঁর পারফরম্যান্স, আত্মবিশ্বাস ও মানসিকতা মুগ্ধ করেছে বার্সেলোনা কোচকে।

লা লিগায় রিয়াল বেতিসের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। তাঁর নৈপুণ্যে মুগ্ধ ফ্লিক ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘ওর প্রথম গোলটি দেখলেই বোঝা যায়, কতটা অবিশ্বাস্য খেলোয়াড় সে। এই মুহূর্তে সে বিশ্বের সেরা খেলোয়াড়।’

ইয়ামালের বয়স ও তাঁর ওপর থাকা চাপের বিষয়টিও তুলে ধরেন বার্সেলোনা কোচ। ফ্লিক বলেন, ইয়ামালের পারফরম্যান্সে তিনি অত্যন্ত সন্তুষ্ট। বয়স কম হলেও প্রতিটি ম্যাচে নিয়মিত খেলতে হচ্ছে তাঁকে। এর সঙ্গে রয়েছে প্রত্যাশা ও চাপ। তবে এসব সামলে ইয়ামাল নিজের কাজে পুরোপুরি মনোযোগী এবং দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

ফ্লিকের ভাষায়, ইয়ামালের পারফরম্যান্স যেমন অসাধারণ, তেমনি তাঁর মানসিকতাও প্রশংসার যোগ্য। এভাবেই বড় খেলোয়াড়েরা নিজেদের গড়ে তোলেন বলে মনে করেন বার্সেলোনা কোচ।

ম্যাচের শেষ দিকে ইয়ামালকে তুলে নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন ফ্লিক। দলের বড় জয় নিশ্চিত হওয়ার পর তরুণ তারকাকে বিশ্রাম দেওয়াটা প্রয়োজন ছিল বলে জানান তিনি। এ সময় ইয়ামালের পারফরম্যান্স নিয়ে নিজের গর্বের কথাও তাঁকে জানিয়েছেন কোচ।

তবে রিয়াল বেতিসের বিপক্ষে বড় জয় পেলেও বার্সেলোনার দুশ্চিন্তা বাড়িয়েছে রক্ষণভাগের খেলোয়াড়দের চোট। ম্যাচ চলাকালে শারীরিক সমস্যার কারণে মাঠ ছাড়তে হয় এরিক গার্সিয়া ও জেরার্ড মার্তিনকে। এ ছাড়া জুলস কুন্দের শারীরিক অবস্থাও ভাবাচ্ছে কোচকে। ফলে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দল সাজানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

খেলোয়াড়দের সুস্থ হয়ে ওঠাকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন ফ্লিক। তিনি বলেন, পুনর্বাসন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী ম্যাচে খেলোয়াড়দের কতক্ষণ মাঠে রাখা যাবে, সেটিও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।

বার্সেলোনার হয়ে একের পর এক জয় ও গোলের রেকর্ড গড়লেও ব্যক্তিগত কিংবা দলীয় রেকর্ড নিয়ে খুব বেশি ভাবতে চান না ফ্লিক। তাঁর মূল লক্ষ্য মৌসুম শেষে শিরোপা জেতা। কোচের মতে, রেকর্ড গড়া আনন্দের হলেও দলের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা আরও বড় অর্জন নিশ্চিত করা।

রিয়াল বেতিসের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে সামনে এগোতে চায় বার্সেলোনা। তবে সামনে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এরপর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো। এমন সময়ে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা, চোট সামলানো এবং আক্রমণভাগের ধারাবাহিকতা বজায় রাখাই হবে ফ্লিকের জন্য বড় পরীক্ষা।

এফএইচ/বিএ/পিআর

সর্বোচ্চ পঠিত - Breaking News

আপনার জন্য নির্বাচিত