‘দেশটা অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে’—ক্ষোভ উগরে দিলেন সাদিয়া আয়মান
ent-desk
প্রকাশিত: ০৯:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরব হয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘অশিক্ষিত ও চাঁদাবাজে’ দেশ ভরে গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’
স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ‘চরম লজ্জাজনক’ ও ‘ধিক্কারজনক’ বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টটি প্রকাশের পর কমেন্ট বক্সে নানা ধরনের প্রতিক্রিয়া আসতে থাকে। সেসব মন্তব্যের জবাব দিতে গিয়ে নিজের ক্ষোভ আরও প্রকাশ করেন সাদিয়া। তাঁর দাবি, পোস্টটির উদ্দেশ্য নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করছেন, তাদের কেউ কেউ হামলার সঙ্গে জড়িতদের পক্ষ নিচ্ছেন।
এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ নিয়ে ভিন্ন বক্তব্য সামনে এসেছে। সালমানের অভিযোগ, চাঁদা দাবির বিরোধের জেরে তাঁর স্টুডিওতে হামলা চালানো হয়েছে। তবে পুলিশের বক্তব্য, চাঁদাবাজির কোনো ঘটনা তারা পায়নি। তাদের দাবি, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত।
পুলিশ আরও জানিয়েছে, ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে রোববার পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
হামলার পর ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভেতরের ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। ভিডিওতে ভাঙচুরের চিত্র তুলে ধরে তিনি জানান, স্টুডিওর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কাজ থামিয়ে দেবেন না বলেও জানান তিনি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। হামলার প্রকৃত কারণ, কারা জড়িত এবং দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—এসব বিষয় এখন তদন্তের ওপর নির্ভর করছে।
এফএইচ/বিএ/পিআর